কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি ২৪ লাখে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে বিলুপ্ত একটি পাট ক্রয়কেন্দ্রের (রানীনগর পাট ক্রয়কেন্দ্র হিসেবে পরিচিত) সম্পত্তি দরপত্র ছাড়াই গোপনে নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।পাট ক্রয়কেন্দ্রের প্রায় আড়াই একর জমিসহ স্থাপনা ও যন্ত্রপাতির বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। কিন্তু সরকারি ওই সম্পত্তি ২৪ লাখ টাকায় বগুড়া শহরের জনৈক বেগম জাহানারা রশিদের কাছে বিক্রি করা হয়েছে। ইতিমধ্যে পাটকল সংস্থা বিজেএমসির রংপুর আঞ্চলিক কার্যালয় সম্পত্তির দখল ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে।সরকারি সম্পত্তি বিক্রির এ আদেশের বিরুদ্ধে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন ১৩ মে হাইকোর্টে একটি রিট দায়ের করেন।রিটকারী ইসমাইল হোসেন জানান, রিট গ্রহণ করে হাইকোর্টের একটি বেঞ্চ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রুল জারি করেছেন। পাশাপাশি বিক্রির ওই আদেশের সব কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। অপরদিকে ১২ মে বিকেলে ক্রেতার লোকজন পাটকেন্দ্রের অবকাঠামো ভেঙে মালামাল নিতে গেলে এলাকাবাসী বাধা দেন। বাধার মুখে ক্রেতার লোকজন ফিরে যেতে বাধ্য হন।নাম প্রকাশ না করার শর্তে বিজেএমসির রংপুর আঞ্চলিক কার্যালয়ের সাবেক এক কর্মকর্তা জানান, নিয়মানুযায়ী মন্ত্রণালয়ে আবেদনের পর মন্ত্রণালয় বিভাগীয় কমিশনারকে সম্পত্তিসহ সব মালামালের পরিমাণ ও তালিকা তৈরির নির্দেশ দেবে। সে অনুযায়ী বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট জেলা প্রশাসক, ইউএনও ও ভূমি কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করে মূল্য নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠাবেন। কিন্তু পাট ক্রয়কেন্দ্রটি বিক্রির ক্ষেত্রে এ ধরনের প্রক্রিয়া মানা হয়নি।আদমদীঘি ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, আদমদীঘির দরিয়াপুর মৌজার ২ দশমিক ৩৮ একর জমির ওপর কেন্দ্রটি স্থাপন করা হয়। এটি নওগাঁর রানীনগর উপজেলা সদরের পাশে অবস্থিত। কয়েক বছর ধরে ওই কেন্দ্রে পাট কেনা বন্ধ আছে। বর্তমানে ওই জমির ওপর ছয় হাজার ৯৫৪ বর্গফুটের তিনটি টিনের গুদামঘর আছে। রয়েছে এক হাজার ২০০ বর্গফুটের বারান্দা, এক হাজার ৫৫০ বর্গফুটের ইটের তৈরি একটি দালান, হস্তচালিত একটি জুটপ্রেসার, চেয়ার, লোহার সিন্দুকসহ নানা ধরনের আসবাব ও শতাধিক মূল্যবান গাছ।রানীনগর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোকনুজ্জামান খান জানান, বর্তমানে রানীনগর পাট ক্রয়কেন্দ্রের আশপাশে প্রতি শতাংশ জমির দাম দুই থেকে আড়াই লাখ টাকা। সেই হিসাবে ২ দশমিক ৩৮ একর জমির দাম দাঁড়ায় প্রায় আড়াই কোটি টাকা। সান্তাহার শহরের গাছ ব্যবসায়ী আবদুস ছালাম বলেন, পাট ক্রয়কেন্দ্রে যেসব গাছ রয়েছে সেগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।জানা যায়, পাট ক্রয়কেন্দ্রটি বিনা দরপত্রে বগুড়া শহরের কালীতলা মহল্লার জাহানারা রশিদের কাছে বিক্রির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত বছর ১৫ ডিসেম্বর একটি ইচ্ছাপত্র জারি করে। মন্ত্রণালয়ের উপসচিব শাহাদাত হোসেন মজুমদার স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়, ক্রেতার আবেদনের পরিপ্রেক্ষিতে মূল্যায়িত দরের পাঁচ শতাংশ বেশি দাম দেখিয়ে ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৩ টাকায় সম্পত্তিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পত্তিটি বিক্রির প্রক্রিয়া গত ২৯ মার্চ সম্পন্ন হয়েছে। বিজেএমসির রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সালমা আখতার বলেন, ‘কীভাবে এই সম্পত্তি বিক্রি করা হয়েছে তা আমার জানা নেই। বিক্রিসহ হস্তান্তর আদেশের সব কাজ হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।’ জানতে চাইলে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, যিনি পাটকেন্দ্রটি কিনেছেন, তিনি সেখানে ইজারাদার হিসেবে ছিলেন। তিনি সরকারি মূল্যের চেয়ে কিছু বেশি দাম দেওয়ার প্রস্তাব করায় ওই সম্পত্তি তাঁর কাছেই বিক্রির সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। নিয়মানুযায়ী দরপত্র আহ্বান করলেন না কেন—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘এভাবেও বিক্রি করা যায়। তবে মামলা হওয়ায় বর্তমানে বিক্রির বিষয়টি স্থগিত আছে।’আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান বলেন, ‘পাট ক্রয়কেন্দ্রটি বিক্রির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর আমাকে কিছু জানায়নি। শুধু উপজেলা সার্ভেয়ারকে সম্পত্তি হস্তান্তরের সময় রংপুরে ডেকে নিয়েছিলেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।’