কয়েক গুণ বেশি দামে বেচেও মরিচচাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার সোমাসনারী গ্রামের মরিচচাষি মোফাজ্জল হোসেন (৪৫) এক সপ্তাহ আগে উপজেলার করমজা হাটে সাড়ে ৩০০ টাকা মণ দরে কাঁচামরিচ বিক্রি করেছিলেন। গত শনিবার তিনি ওই হাটে কাঁচামরিচ বিক্রি করেছেন এক হাজার ৪০০ টাকা মণ দরে। এতে খুশি হওয়ার কথা থাকলেও তাঁর মধ্যে ছিল চরম হতাশা। মোফাজ্জল হোসেন বলেন, ‘তিন বিঘ্যা জমিতে মরিচের আবাদ করছিল্যাম। কয়েক দিনের বৃষ্টিতে দেড় বিঘ্যা জমির মরিচগাছ মইর‌্যা গেছে। বাকি দেড় বিঘ্যার থ্যা চার-পাঁচ দিনে ১৫ কেজি মরিচও পাওয়া যাত্যাছে না। যখন গাছভরা মরিচ ছিল, তখন তিন-চার টাকা কেজি দরে মরিচ বেচছি। আর এখন মরিচের দাম বেশি, কিন্তু গাছে মরিচ নেই।’ পাবনার সাঁথিয়া, সুজানগর ও বেড়া উপজেলার প্রায় সব মরিচচাষির অবস্থাই মোফাজ্জলের মতো। মরিচ চাষ করে লোকসান গুনতে হচ্ছে তাঁদের। মরিচচাষিরা ভরা মৌসুমে তিন থেকে চার টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করতে বাধ্য হয়েছেন। এতে তাঁরা সে সময় উৎ পাদন খরচই তুলতে পারেননি। এর ওপর গত কয়েক দিনের টানা বর্ষণে বেশির ভাগ এলাকার মরিচগাছ নষ্ট হয়ে গেছে। তবে স্থানীয় বাজারগুলোতে এখন ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হলেও ইতিমধ্যে বৃষ্টিতে অনেক মরিচগাছ নষ্ট হয়ে যাওয়ায় ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে টানা বর্ষণে পটোল, কুমড়াসহ এ এলাকার সব ধরনের সবজিখেতেরই ক্ষতি হওয়ায় সবজির ফলনেও বিপর্যয় দেখা দিয়েছে বলে চাষিরা জানান। গত শনিবার সাঁথিয়ার করমজা হাটে প্রতি মণ পটোল এক হাজার থেকে এক হাজার ২০০, মিষ্টি কুমড়া প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা, চালকুমড়া প্রতিটি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। অথচ সপ্তাহ দুয়েক আগেও এগুলোর দাম ছিল এর এক-তৃতীয়াংশেরও কম। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হোসেন বলেন, ‘আমাদের এলাকায় কাঁচামরিচ উৎ পাদনের এখন শেষ সময়। এক থেকে দেড় মাসের মধ্যে স্বাভাবিকভাবেই মরিচগাছগুলো মরে যাবে। তবে বৃষ্টিতে কিছু এলাকার মরিচগাছের ক্ষতি হয়েছে। টানা রোদ উঠলেই মরিচ খেতের ফলন বাড়বে। আর বৃষ্টিতে নিচু এলাকার কুমড়া, পটোলসহ কিছু সবজিখেতের ক্ষতি হলেও বেশির ভাগ সবজিখেতই ভালো আছে।’