কয়েক দিন পরেই জানা যাবে বিদেশি হত্যায় কারা জড়িত: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একে ‘গভীর চক্রান্ত’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে, কয়েক দিন পরেই দেশবাসী দেখতে পারবে কারা এর সঙ্গে জড়িত।’

আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘জঙ্গিবাদী তৎপরতার জনক হচ্ছে জেনারেল জিয়াউর রহমান ও পরবর্তীতে তার সঙ্গী বেগম জিয়া। যাঁরা মানুষ পোড়ানো, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্যে এক পায়ে খাঁড়া আছে।’
ইনু বলেন, ‘আমরা মহাজোটের মাধ্যমে এই জাতীয় ঐক্যের প্রতিফলন করেছি। কমিউনিস্ট পার্টিসহ বাকি যারা গণতান্ত্রিক দল আছে তাদেরও এই ঐক্যে আসার আহ্বান জানানো হচ্ছে। ভয়াবহ জঙ্গিবাদ নেত্রী বেগম খালেদা জিয়া ও তার দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি এবং রাজনীতি থেকে হটিয়ে না দেওয়া পর্যন্ত এ দেশে আগুন যুদ্ধের সন্ত্রাসী, জঙ্গিবাদীদের মূল উৎপাটন হবে না।’
ইনু বলেন, ‘গণতন্ত্র ধ্বংসকারী জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া কিংবা ফখরুল সাহেবদের মুখে আমরা গণতন্ত্রের কথা শুনতে চাই না। উনি যদি এতই গণতন্ত্রের চর্চা করবেন তবে যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা ভাইয়েরা কীভাবে সরকারি প্রশাসনে তাণ্ডব চালিয়েছিল। কীভাবে ২১ আগস্টের খুনিদের প্রশাসন রক্ষা করেছিল? এর কৈফিয়ত দিয়ে তারপরে জাতীয় ঐক্যের কথা বলুন।’
এসময় সেখানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদের সভাপতি গোলাম মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীমসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।