তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই বিদেশি নাগরিকের হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গভীর চক্রান্ত। এ ব্যাপারে তদন্ত চলছে। কয়েক দিন পরেই দেশবাসী দেখতে পারবে কারা এর সঙ্গে জড়িত।
গতকাল শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি ও রাজনীতি থেকে হটিয়ে না দেওয়া পর্যন্ত দেশ থেকে আগুন যুদ্ধের সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের মূল উৎপাটন হবে না। ইনু বলেন, ‘গণতন্ত্র ধ্বংসকারী জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়া কিংবা ফখরুল সাহেবদের মুখে আমরা গণতন্ত্রের কথা শুনতে চাই না। উনি যদি এতই গণতন্ত্রের চর্চা করবেন তবে যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা ভাইরা কীভাবে সরকারি প্রশাসনে তাণ্ডব চালিয়েছিল।’