কয়েক দিনের বৃষ্টিতে আমনচাষি স্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শুরুতে আবহাওয়া ছিল অনুকূল। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সহজেই আমনের চারা রোপণ করেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃষকেরা। এ উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। কিন্তু তারপর বেশ কিছুদিন আর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় দুশ্চিন্তায় পড়েন তাঁরা। তবে গত দুই দিনের ভারী বৃষ্টিতে তাঁদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শিবগঞ্জে এবার ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ২০ হাজার হেক্টরের চেয়েও বেশি।
উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের চার-পাঁচজন কৃষক বলেন, আমন চাষের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বৃষ্টির পানি। শুষ্ক মৌসুমে সেচ দিয়ে আবাদের যেসব পদ্ধতি রয়েছে, আমন চাষের বেলায় সেগুলো প্রয়োগের প্রয়োজন হয় না। কিন্তু এ বছর আমনের চারা রোপণের পর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় অনেক জায়গাতেই শ্যালো মেশিন দিয়ে জমিতে পানি দিতে হয়েছে। এমন অবস্থা দাঁড়িয়েছিল, জমিতে সেচ দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায়ও ছিল না।
গত মঙ্গলবার পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লা ঘুরে দেখা যায়, আমনখেতে পানি জমে আছে। চাষিরা চারাগাছের গোড়ায় নিড়ানি দিতে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলার কুড়াহার গ্রামের বজলুর রহমান (৪০) বলেন, ‘এবার দুই বিঘা জমিতে আমন চাষ করেছি। শ্যালো মেশিন দিয়ে পানি উঠিয়ে ধানগাছ বাঁচানোর চেষ্টা করছিলাম। কিন্তু সামাল দিতে পারছিলাম না। পানির অভাবে ধানগাছ প্রায় হলুদ হয়ে গিয়েছিল। গোড়ার মাটি ফেটে গিয়েছিল। গত দুই দিনের বৃষ্টিতে অনেক উপকার হলো। এভাবে বৃষ্টি হলে ভালোই ফলন হবে।’
একই গ্রামের আনছার আলী (৫০) বলেন, ‘খরায় খেত ফেটে হাঁ হয়ে গিয়েছিল। এ কারণে ধান ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। কিন্তু এখন সে ভয় কেটে গেছে।’
উপজেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, ‘এখনকার বৃষ্টি কৃষকের জন্য আশীর্বাদ হিসেবে এসেছে। সামনে এ রকম বৃষ্টি আর দুই-তিনবার হলে এবার আমন ধানের বাম্পার ফলন পাওয়া যাবে।’