কয়েক দিনের মধ্যে আরেকটি মৃদু শৈত্য প্রবাহ আসতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর শীত বিদায়ের আগে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি আসার সম্ভাবনা আর কয়েক দিনের মধ্যে। এরপর এ মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। বিদায় নেবে শীত। প্রকৃতিতে রং ও সৌরভ ছড়িয়ে আবির্ভূত হবে ঋতুরাজ বসন্ত।এ ছাড়া এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। এমনকি ফেব্রুয়ারির শেষ দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু-একদিন বজ্রসহ ঝড়ও হতে পারে। এর আগে মাসের প্রথমার্ধে নদী অববাহিকা ও অন্যান্য স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।এসব পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি। গতকাল বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরে এই কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব সভায় সভাপতিত্ব করেন।গত জানুয়ারি মাসের আবহাওয়ার গতি-প্রকৃতি বিশ্লেষণ করে কমিটির সভায় বলা হয়েছে, গত মাসে দেশে বৃষ্টিপাত কম হয়েছে স্বাভাবিকের চেয়ে প্রায় ৮৭ শতাংশ। অর্থাৎ বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। আর এ বছর শীতে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ১২ জানুয়ারি যশোরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।