কয়েক দিনের মধ্যে বাড়ি ফিরতে পারবে মুক্তামণি

অবশেষে অবসান হচ্ছে মুক্তামণির অপেক্ষার। কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে তাকে। বাড়ি ফিরতে পারবে সে। আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন ওই ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।
সামন্ত লাল সেন জানান, মুক্তামণিকে রিলিজ দেওয়া হবে। রিলিজের মাস খানেক পর ফলোআপ চেকআপের জন্য তাকে আসতে হবে। তিনি আরও বলেন, মুক্তামণির শারীরিক অবস্থা মোটামুটি। হাতের ফোলা কমেনি। কমতে সময় লাগবে।
বাড়িতে গেলে শুশ্রূষা ঠিকমতো করা সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, ওর বাবা-মাকে ব্যান্ডেজ করা শিখিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া সময়মতো ওষুধ খাওয়াতে হবে। সে বিষয়ে বলা হয়েছে তাঁদের। মেয়েটি বাড়িতে যেতে অস্থির হয়ে আছে। ঘুরে আসুক।
মুক্তামণির বাবা ইব্রাহিম হোসেন বলেন, ‘রিলিজ দেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছে। ব্যান্ডেজ করার বিষয়টি তাঁরা ভালো করে শিখিয়ে দেবেন। ওর শারীরিক অবস্থা মাঝামাঝি।’
বাড়ি যাওয়ার আনন্দে ছোট্ট মেয়েটি অসম্ভব খুশি এ কথা জানান ইব্রাহিম হোসেন।
সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন। গত আগস্ট মাসে মুক্তামণির প্রথম অস্ত্রোপচার হয়। ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।