সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে গত কয়েক বছরে এই প্রথমবারের মতো বৈশ্বিক শান্তির চিত্রে কিছুটা উন্নতি দেখা গেছে। তবে গত বছরের তুলনায় এ বছর এক ধাপ নিচে নেমে ১৬৩টি দেশের মধ্যে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস গতকাল বৃহস্পতিবার ‘বৈশ্বিক শান্তি সূচক-২০১৭’ প্রকাশ করে। এ নিয়ে টানা দশম বছরের মতো শান্তি সূচক প্রকাশ করল প্রতিষ্ঠানটি।
এবারের শান্তি সূচকে দেখা গেছে, গত বছরের তুলনায় বিশ্ব দশমিক ২৮ শতাংশেরও বেশি শান্তিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বজুড়ে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাসহ রাষ্ট্রীয় অর্থায়নে সংঘাত এবং খুনের হার কমে যাওয়ায় এই উন্নতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন গবেষকেরা।
বাংলাদেশ এবারের সূচকে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে যৌথভাবে ৮৪ নম্বরে অবস্থান করছে। ২০১৬ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৮৩ নম্বরে। তবে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গতবারের মতো এবারও তালিকার তৃতীয় অবস্থানে বাংলাদেশ। শান্তি পরিস্থিতির আঞ্চলিক এ তালিকায় শীর্ষে রয়েছে ভুটান। এরপরই শ্রীলঙ্কা। বৈশ্বিক তালিকায় এই দুই দেশ রয়েছে যথাক্রমে ১৩তম ও ৮০তম অবস্থানে। আঞ্চলিক তালিকার চতুর্থ দেশ নেপাল বৈশ্বিক তালিকায় ৯৩তম অবস্থানে রয়েছে। ভারত আঞ্চলিক তালিকায় পঞ্চম এবং বৈশ্বিক তালিকায় ১৩৭তম অবস্থানে রয়েছে। আঞ্চলিক তালিকার ষষ্ঠ দেশ পাকিস্তান বৈশ্বিক তালিকায় রয়েছে ১৫২তম অবস্থানে। আর আফগানিস্তান দক্ষিণ এশিয়ায় সপ্তম এবং বৈশ্বিক তালিকায় ১৬২তম।
এবারও বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দেশটি। এরপরই রয়েছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া ও ডেনমার্কের অবস্থান।
আর বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ দেশ এখন সিরিয়া। শান্তি সূচকে দেশটির অবস্থান সবার শেষে—১৬৩ নম্বরে। এর আগের দেশগুলো হলো যথাক্রমে আফগানিস্তান, ইরাক, দক্ষিণ সুদান ও ইয়েমেন।