কয়েক বছরেও স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার কয়েক বছর পেরিয়ে গেলেও চট্টগ্রামের তিন উপজেলার তিনটি হাসপাতালে এখনো স্থায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। ওষুধ, পথ্য ও চিকিৎসা সরঞ্জামের জন্যও কোনো বরাদ্দ নেই এসব হাসপাতালে। প্রেষণে নিয়ে আসা চিকিৎসক দিয়ে কোনো রকমে চলছে হাসপাতালগুলোর কার্যক্রম।
হাসপাতালগুলো হলো রাউজানের সুলতানপুর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, সন্দ্বীপের হারামিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও লোহাগাড়া ১০ শয্যাবিশিষ্ট ট্রমা হাসপাতাল।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে রাউজানে সুলতানপুর ৩১ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালের ৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সভায় হাসপাতালটির জন্য ৪৭টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নীতিগতভাবে অনুমোদিত হয়। এ বছরের মার্চে অর্থ মন্ত্রণালয় ২৪টি পদের জন্য সুপারিশ করে। প্রতিষ্ঠার ছয় বছরে শুধু হাসপাতালটির বহির্বিভাগ চালু করা গেছে। প্রেষণে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে দিয়ে এখানে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রমও। হাসপাতালটিতে কোনো নার্স নেই।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, হাসপাতালটিতে ওষুধ, পথ্য ও চিকিৎসা সরঞ্জামাদির জন্য কোনো বরাদ্দ নেই। ফলে জরুরি হলেও কোনো রোগীকে এ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
সূত্র জানায়, সুলতানপুর হাসপাতালের মতো একই অবস্থা সন্দ্বীপের হারামিয়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালেরও। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটিতে ২৫ জন লোক চাওয়া হয়েছে। তবে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
জানা যায়, গত বছর চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিষ্ঠিত লোহাগাড়া ১০ শয্যাবিশিষ্ট ট্রমা সেন্টারেও কোনো জনবল নিয়োগ হয়নি। একজন চিকিৎসক প্রেষণে সেখানে থাকলেও অন্য কোনো কর্মী নেই হাসপাতালটিতে।
চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, এ তিনটি হাসপাতালের জন্য জনবল ও অন্যান্য বরাদ্দ নেই সত্য। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দ থেকে কিছু কিছু অর্থ এসব হাসপাতালে ব্যয় করা হচ্ছে। চলতি বছরই হাসপাতাল তিনটিতে জনবল ও অন্যান্য বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।