কয়েক ভাগে আ.লীগের সাংসদ ও নেতাদের গণসংযোগ-পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নগরবাসীর ভোট চাইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাংসদেরা। গতকাল রোববার তাঁরা কয়েক ভাগে নাগরিক নগরের বিভিন্ন প্রান্তে নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালান। বিকেলের দিকে বৃষ্টির কারণে প্রচারে বিঘ্ন ঘটে।বিকেলের দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জড়ো হন স্থানীয় শহীদ মিনার চত্বরে। সেখান থেকে গাড়িতে চড়ে চারটি দলে বিভক্ত হয়ে নেতারা চলে যান বিভিন্ন জায়গায়। শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে তোফায়েল আহমেদ বলেন, মহিউদ্দিন চৌধুরী মেয়র নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন করবেন। নাগরিক কমিটির কার্যালয় সূত্র জানায়, আমীর হোসেনের নেতৃত্বে নগরের বহদ্দারহাট, কালুরঘাট ইস্পাহানী মোড় ও শাহ আমানত সেতুর কাছে পথসভা করেন দলীয় নেতারা। তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে পথসভা হয় আমিন জুট মিল, বটতলা ও আমান বাজার এলাকায়। সকালে দলীয় নেতাদের নিয়ে এনায়েত বাজার, গোয়ালপাড়া ও রিয়াজউদ্দিন বাজারে গণসংযোগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। মেয়র প্রার্থী মহিউদ্দিন ও স্থানীয় সাংসদ এম এ লতিফ বারিক বিল্ডিং মোড় ও বিমান চত্বর এলাকায় পথসভা করেন।