কয়েক মিনিটে বাগানসহ ১৭ বসতঘর মধুমতীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাত প্রায় ১১টা। খাওয়া-দাওয়া করে কেবল শুতে যাব। এমন সময় ধপাস করে শব্দ শোনা গেল। ঘর থেকে বের হয়ে দেখি, ঘরের পাশের যে বাগান ছিল তা মধুমতী নদীগর্ভে চলে গেছে। ওই বাগানে ৫০-৬০টি বিভিন্ন প্রজাতির গাছ ছিল। আতঙ্কে তখন আমার মতো অনেকেই ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে অন্যত্র আশ্রয় নিয়েছে। দেখতে দেখতে আধা ঘণ্টার মধ্যে আরও ১৭টি বসতবাড়ি নদীতে চলে গেল। আমরা শুধু চেয়ে চেয়ে দেখলাম। কিছুই রক্ষা করতে পারলাম না।’ কথাগুলো নদীভাঙনে ক্ষতিগ্রস্ত নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া নৌবন্দরের বাজারের পাশের বাসিন্দা অসীম লস্করের (৫২)। শনিবার রাতে মধুমতীর ভাঙনে অসীম লস্করের মতো লোহাগড়া উপজেলার পূর্ব পাশের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।সোমবার সরেজমিনে জানা গেছে, মধুমতীর ভাঙনে অসীম লস্কর, মিল্টন রায়, শিশির হাজরা, গোপাল হাজরা, তুহিন শেখ, মনি শেখ, জয় লস্কর, শাহেদা বেগম, কেরামত বিশ্বাস, রাজ্জাক শেখ, জাহের শেখ, আইউব শেখ, আতিয়ার মোল্যা, উজ্জল মোল্যা, তহমিনা বেগম, মোমরেজ বিশ্বাস, মশিয়ার মোল্যার বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকায় আরও ৫০টি পরিবারের বসতঘর ঝুঁকির মধ্যে রয়েছে।মঙ্গলপুর গ্রামের তরিকুল ইসলাম জানান, চোখের পলকে তাঁর বাগানটি নদীতে বিলীন হয়ে গেছে। ওই বাগানে ৬০টি বিভিন্ন প্রজাতির গাছ ছিল। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রোজি বেগম বলেন, ‘পাঁচ-ছয়বার ঘরবাড়ি নদীতে চলে গেছে। এখন আমরা একেবার নিঃস্ব।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত সরকারি কোনো সাহায্য-সহায়তা পাইনি। এখন বাড়িঘর নেই। পাশের হিন্দু বাড়িতে আশ্রয় নিয়েছি।’ রোজি বেগমের মতো নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে। তবে অনেকে এখনো খোলা আকাশের নিজে অবস্থান করছে। স্থানীয় কোটাকুল ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম বলেন, বড়দিয়া নৌবন্দর রক্ষায় সিসি ব্লকের কাজ করায় বাজারটি ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে। তখন পাউবোর কর্মকর্তাদের বাজারের পূর্ব পাশের আরও কিছু জায়গায় সিসি ব্লকের কাজ করার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা কোনো গুরুত্ব দেননি।লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান জানান, বড়দিয়া নৌবন্দর রক্ষার্থে এ বছরও এক কোটি ১৬ লাখ টাকার সিসি ব্লকের কাজ করা হয়েছে। বাজারের পূর্ব পাশের ভাঙন রক্ষার্থে ২০০ মিটার সিসি ব্লকের কাজ করার জন্য দুই কোটি টাকার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো আছে। বরাদ্দ পাওয়া গেলে জরুরি ভিত্তিতে কাজ করা যাবে।