কয়েক লাখ টাকার জাল জব্দ মসলার কারখানা সিলগালা
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন। আগের দিন পাবনা ও ভৈরবে ভেজালবিরোধী অভিযানে কয়েকটি রেস্তোরাঁ, ফলের দোকান ও খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। হলুদের গুঁড়ার সঙ্গে কাঠ ও তুষের গুঁড়া মেশানোর দায়ে বগুড়ায় দুটি মসলার কারখানা সিলগালা করে দেওয়া হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: গোয়ালন্দ (রাজবাড়ী): সকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বাহাদুরপুর এলাকায় মরা পদ্মায় অভিযান চালান। এ সময় প্রায় তিন লাখ টাকা মূল্যের এক হাজার মিটার দীর্ঘ বেড় ও মশারি জাল এবং ২০ হাজার টাকার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। দুপুরে সেসব জাল পুড়িয়ে ফেলা হয়। এর আগে গোয়ালন্দ মাছ বাজার এলাকা থেকে নয় ইঞ্চির ছোট মৃগেল মাছ ধরে বিক্রির অপরাধে আমির উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তাঁর সঙ্গে ভারপ্রাপ্ত উপজেলা মৎস কর্মকর্তা সাঈদ আহাম্মেদ উপস্থিত ছিলেন। পাবনা: শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও ফলের দোকানে গত সোমবার অভিযান চালিয়ে বাসি খাবার ও ক্ষতিকর রাসায়নিক পদার্থযুক্ত ফল বিক্রির অভিযোগে ৫২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন আদালত। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম উদ্দিন। তিনি জানান, অভিযানে পাবনা বিরানি হাউস, তৃপ্তি দই ঘর, নারায়ণ ঘোষ দধি ঘর, শংকর দই ঘর, দই মিষ্টান্ন ভান্ডার ও খানিজ স্টোরকে ২১ হাজার ২০০ টাকা এবং সিটি ফল ভান্ডার, পাবনা ফল ভান্ডার ও দেশি ফল ফান্ডারকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। ভৈরব (কিশোরগঞ্জ): সোমবার সকালে পৌর শহরের পঞ্চবটি ও তাতারকান্দি এলাকায় অভিযান চালানো হয়। ভেজাল খাবার তৈরির অভিযোগে জয় ফুড প্রোডাক্ট ও মুন্না ফুড প্রোডাক্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম। এতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ভৈরব ক্যাম্পের সদস্যরা সহায়তা করেন। খোরশেদ জানান, তাঁদের কাছে খবর ছিল, ভৈরব পৌর শহরের বিভিন্ন স্থানে দেশের নামীদামি প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে বিস্কুট, চিপস, চানাচুর, রুটি, কেক, চাটনি ও আচার বাজারজাত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ার পর পঞ্চবটির জয় ফুড প্রোডাক্টকে ৪৫ হাজার টাকা ও তাতারকান্দির মুন্না ফুড প্রোডাক্টকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।বগুড়া: কয়েক বস্তা কাঠের গুঁড়া ও ধানের তুষ মজুদ রাখার দায়ে সোমবার দুটি হলুদের কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে। কারখানার মালিক আবদুল হামিদকে না পেয়ে ব্যবস্থাপক মাহবুব আহসানকে এক মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি কারখানার ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ টি এম শরিফুল আলম। দুপুর আড়াইটার দিকে আদালত শহরের রাজাবাজারে আরজু ভান্ডার নামের একটি হলুদ তৈরির কারখানায় গিয়ে ১৫-২০ বস্তা কাঠের গুঁড়া ও ধানের তুষ মজুদ দেখতে পান। হলুদের গুঁড়ার সঙ্গে এসব গুঁড়া মেশানোর দায়ে তাৎক্ষণিকভাবে উপরিউক্ত দণ্ড ও জরিমানা করেন।