কয়েক শ একরের আমন ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কারেন্ট পোকা’ নামে পরিচিত বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে দিনাজপুর সদর উপজেলার কয়েক শ একর জমির আমনখেত শুকিয়ে খড় হয়ে গেছে। কৃষকেরা বলছেন, কীটনাশক ছিটিয়েও তাঁরা কোনো প্রতিকার পাচ্ছেন না। কোটি কোটি পোকা একের পর এক ধানখেত ধ্বংস করে চলেছে।
এ ব্যাপারে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল হান্নান বলেন, কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, বাদামি ঘাসফড়িংয়ের আক্রমণে এ পর্যন্ত ১৭ হেক্টর জমির আমন নষ্ট হয়েছে। ব্রি ৩৪, ভারতীয় সোনামুখী, স্বর্ণা-৫সহ বিভিন্ন সুগন্ধি জাতের ধানখেতে এ ধরনের পোকার আক্রমণ লক্ষ করা গেছে। তবে পোকা দমনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করা গেছে বলে তিনি দাবি করেন।
অপরদিকে কৃষকেরা উপপরিচালকের এ বক্তব্য প্রত্যাখ্যান করে বলেছেন, কারেন্ট পোকার আক্রমণে একের পর এক ধানের খেত ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে এই অঞ্চলে কারেন্ট পোকার আক্রমণ মহামারি আকারে দেখা দিয়েছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, পদ্মা কেমিক্যাল কোম্পানির মিপসিন, সিনজেনটার প্লেনাম, ভিতানো, সেমকোর সিপসিন, সেতারার মিমপ্রেক্স এবং রেভেন কোম্পানির মনোমিসহ বিভিন্ন কোম্পানির কীটনাশক ছিটিয়েও কারেন্ট পোকার আক্রমণ থেকে ধান রক্ষা করা যাচ্ছে না।
পোকা দমনে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে ১০টি পাওয়ার স্প্রে মেশিন এবং একাধিক প্রান্তিক কৃষককে বিনা মূল্যে কীটনাশক সরবরাহ করেছেন বলে জানান দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম।
কৃষক সূত্র জানায়, কারেন্ট পোকার বৈশিষ্ট্য হলো, একগুচ্ছ ধানগাছে কোটি কোটি পোকা আক্রমণ করে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পোকাগুলো পুরো গাছে ছড়িয়ে শুষে রস খায়। সকালে রোদ উঠলে পোকাগুলো গাছের গোড়ায় চলে যায় এবং সেখানে রস শুষে খায়। এভাবে একের পর এক খেতের ধানগাছ খেয়ে তারা ধ্বংস করে ফেলে।
গত সোমবার দিনাজপুর সদর উপজেলার কমলপুর, আস্করপুর, শঙ্করপুর, উথরাইল, আউলিয়াপুর ও শশরা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ খেতে আমন ধানের গাছে শিষ বেরিয়েছে। কিন্তু সবুজ মাঠের মাঝে বড় বড় এলাকাজুড়ে খেতের ধানগাছ হলদে হয়ে গেছে। কোথাও কোথাও গাছ শুকিয়ে খড় হয়ে গেছে। এ অবস্থায়ও অনেক কৃষক ধানখেতে নানা ধরনের কীটনাশক ছিটাচ্ছেন। উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর জায়গীরপাড়া, ডাঙ্গাপাড়া, পূর্ব ডাঙ্গাপাড়া, ফকিরপাড়া, ভিতরপাড়া, খুদিহার, হাজীপাড়া, খইলপাড়া ও যাঁতাপাড়া গ্রামের আমন খেতের অবস্থা সবচেয়ে বেশি খারাপ দেখা গেছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের একজন জায়গীরপাড়া গ্রামের তোরাব আলী জানান, ১৫ বিঘা জমিতে ব্রি৩৪ জাতের ধান লাগিয়েছেন। এক মাস পর ধান ঘরে উঠত। কিন্তু কারেন্ট পোকার আক্রমণে ইতিমধ্যে সাত বিঘা জমির ধান শুকিয়ে খড় হয়ে গেছে। ধান কাটার মতো অবস্থা নেই। বাকি আট বিঘা আক্রান্ত হতে শুরু করেছে। প্রতি বিঘা জমিতে ২০ মণ ধান হওয়ার কথা। বাজারে ব্রি৩৪ জাতের ধানের দাম সবচেয়ে বেশি। গড়ে প্রতি মণ এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়। সেই হিসাবে ১৫ বিঘা জমির উৎপাদিত ধানের (৩০০ মণ) মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা। পুরো টাকাই এখন ক্ষতি হবে বলে জানান তিনি।
প্রান্তি কৃষক রমজান আলী হাউমাউ করে কাঁদতে কাঁদতে ক্ষতিগ্রস্ত খেত দেখিয়ে বলেন, ‘আমার একমাত্র সম্বল এক বিঘা জমি। বোরো ধান হয়েছে ৫২ মণ। আমন ধান নেই। সংসার চলবে কী করে, জানি না।’ তোরাব ও রমজানের মতো ক্ষতির কথা জানান কৃষক জেলাব উদ্দিন, আবদুস সোবহান, কমলপুর ইউনিয়নের আশরাফুল, গোলাম মোস্তফা, আহসান হাবীব, মোস্তফা কামাল, বর্গাচাষি দেলোয়ারসহ অর্ধশতাধিক কৃষক।
ভিতরপাড়া গ্রামের আবদুর রাজ্জাক জানান, তাঁর চার বিঘা জমিতে কারেন্ট পোকা আক্রমণ করার সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। কিন্তু কেউ আমলে নেননি। সাত দিনের মধ্যে পুরো খেতের ধান শুকিয়ে খড়ে পরিণত হলে ক্ষোভে-দুঃখে তিনি খেতে আগুন ধরিয়ে দেন। পুড়ে ছাই হওয়ার খবর পেলে কৃষি বিভাগের ঘুম ভাঙে।