কয়েক শ কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার গ্যাসভিত্তিক সাড়ে ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্টটি গত ১৩ দিন ধরে বন্ধ রয়েছে। এতে জেলার ছয় উপজেলার কয়েক লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হওয়ার উপক্রম হয়েছে। এতে কয়েক শ ছোট কারখানা বন্ধ আছে। লো-ভোল্টেজ ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ বিদ্যুতের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে। ভোলা উন্নয়ন ও স্বার্থরক্ষা কমিটি জনস্বার্থে গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্রের মালিক ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) সূত্র জানায়, গত ১৮ জুলাই ভোলা খেয়াঘাটে ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেড পরিচালিত সাড়ে ৩৪ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্ল্যান্টটি হঠাৎ বিকল হয়ে যায়। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান, ভোলায় বিদ্যুতের চাহিদা ২২ মেগাওয়াট। কিন্তু তাঁরা চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না। পটুয়াখালীর ৩৩ কেভি গ্রিড লাইন থেকে তাঁরা ভোলার জন্য ছয় মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছেন। ৭০ কিলোমিটার দূর থেকে টানা লাইনে বিদ্যুৎ আসায় ভোল্টেজ লো হচ্ছে। স্থানীয় ডিজেলচালিত তিন মেগাওয়াট ইঞ্জিন থেকে পাওয়া যাচ্ছে দুই মেগাওয়াট বিদ্যুৎ । এ অবস্থায় ছয় উপজেলায় রেশনিং করে সামান্য বিদ্যুৎ দেওয়া গেলেও গ্রামগঞ্জে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছে না।দৌলতখান চৌকিঘাটা মৎ স্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী সোহেল হোসেন জানান, ১৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় তাঁরা বেশি দামে বরফ কিনতে বাধ্য হচ্ছেন। বরফকলের মালিক নাছির উদ্দিন জানান, দুই সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় জেলার অর্ধশতাধিক বরফকল বন্ধ আছে। করাতকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আসমত আলী জানান, বিদ্যুতের দুরবস্থার কারণে জেলায় কয়েক শ করাতকল বর্তমানে বন্ধ আছে।ভোলার নাগরিক সমাজ গত শনিবার মানববন্ধন এবং শুক্রবার চরফ্যাশনে বিক্ষোভ, ঘেরাও এবং ওজোপাডিকো কার্যালয় ভাঙচুর করেছে। গত শনিবার রাতে ভোলা উন্নয়ন ও স্বার্থরক্ষা কমিটি গ্যাসভিত্তিক রেন্টাল বিদ্যুৎ উৎ পাদন কেন্দ্রের মালিক ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের বিরুদ্ধে জনস্বার্থে মামলার সিদ্ধান্ত নিয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি আবদুল মমিন, সাধারণ সম্পাদক অমিতাভ অপু, সাংবাদিক আবু তাহের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আফসার উদ্দিন, ভোলা মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি এ বি এম শাজাহান। ভেঞ্চার এনার্জি রিসোর্স লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার মাত্র তিন মাস সময় দিয়েছে প্ল্যান্টটি বসানোর জন্য। এত কম সময়ে নতুন প্ল্যান্ট বসানো সম্ভব নয়। গত ১৮ জুলাই প্ল্যান্টটি হঠাৎ নষ্ট হয়ে যায়। সমস্যা সমাধানের জন্য দুবাই থেকে বিশেষজ্ঞ প্রকৌশলী দল গত বৃহস্পতিবার ভোলায় এসেছে। মোটরের যে ইঞ্জিন বিকল হয়েছে, তা আগামী দুই-তিন দিনের মধ্যে এসে যাবে। সেটি সারাই করতে আরও অন্তত ২০ দিন সময় লাগবে।