কয়েক শ বাড়ি পদ্মায় বিলীন
শরীয়তপুরে তিন দিনে পদ্মা নদীতে কয়েক শ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। প্রায় তিন শ একর আবাদি জমিও নদীগর্ভে চলে গেছে। ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন জানায়, পদ্মা নদীর পানি সুরেশ্বর পয়েন্টে বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে পদ্মা নদীতে স্রোত বৃদ্ধি পাচ্ছে। স্রোতের কারণে নদীর কিছু জায়গায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ভাঙনের ভয়াবহতা বাড়ছে। শনিবার পর্যন্ত তিন দিনে কয়েক শ পরিবারের বসতভিটা এবং প্রায় ৩০০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভেদরগঞ্জ উপজেলার গায়েনকান্দি গ্রামের ৭০টি, ব্যাপারীকান্দি গ্রামের ৫০টি, মোল্লাকান্দি গ্রামের ৩০টি, নড়িয়া উপজেলার চরজাজিরা গ্রামের ৩০টি, সাহেবের চর গ্রামের ২০টি, ওয়াপদা গ্রামের ১৫টি, চর নড়িয়া গ্রামের ১৫টি এবং পাঁচগাঁও গ্রামের ২০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছে।
ভেদরগঞ্জের গাজিকান্দি গ্রামের আলী হোসেন গায়েনের চার বিঘা ফসলি জমি ছিল। আর বসতবাড়ি ছিল আরও এক বিঘা জমির ওপর। চার সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখেই দিন কাটছিল তাঁর। তিন দিনে পদ্মার ভাঙনে সব হারিয়ে এখন নিঃস্ব তিনি। ঘরের কিছু আসবাবপত্র ও পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়ের সন্ধানে হন্যে হয়ে ছুটছেন তিনি। কোথাও আশ্রয় পাবেন কি না তা জানেন না। কীভাবে পরিবারের সদস্যদের খাবার জোগাড় করবেন তারও ঠিক নেই। শুধু আলী হোসেন গায়েনই নন; এমন পরিস্থিতি এখন শরীয়তপুরের নদীভাঙনকবলিত কয়েক শ মানুষের।
আলী হোসেন গায়েন বলেন, ‘জমি থেকে যে ফসল পেতাম তা দিয়ে ভালোভাবেই চলে যেত। এখন সব হারিয়ে পথে নেমে গেলাম। কোথায় আশ্রয় নেব, তা আল্লাহই জানেন।’ শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ১০ গ্রামে পদ্মার ভাঙন শুরু হয়েছে। ভাঙনকবলিত পরিবারগুলো উঁচু রাস্তায় আশ্রয় নিচ্ছে।
নড়িয়া উপজেলার সাহেবের চর গ্রামের শাহানা বেগম (৪০) বলেন, ‘দুই বছর আগে পদ্মার ভাঙনে বসতভিটা ও ফসলি জমি সব হারিয়েছি। জায়গা ভাড়া করে যেখানে ছিলাম, সেটিও গাঙ্গে চইলা গেল। এহন কই আশ্রয় পামু জানি না। বাঁধ নির্মাণ না করলে পদ্মা সবাইরে নিঃস্ব কইরা দিব।’
গত শুক্র ও শনিবার শরীয়তপুর-২ আসনের সাংসদ শওকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আসিব আহসান ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।
সাংসদ শওকত আলী বলেন, পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চাহিদাপত্র দেওয়া হয়েছে। ভাঙন রোধে উদ্যোগ নেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়েও চিঠি পাঠানো হয়েছে।
শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক বলেন, পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকায় বাঁধ দেওয়ার মতো কোনো বরাদ্দ এ মুহূর্তে শরীয়তপুর কার্যালয়ে নেই। জেলা প্রশাসক রাম চন্দ্র দাস বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা অনুযায়ী ত্রাণ সহায়তা দেওয়া হবে।