কয়েক শ মোটরসাইকেলের বহর নিয়ে অভ্যর্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের অবরোধের মধ্যেই নাটোর-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম গতকাল শনিবার দুপুরে ঢাকা থেকে নাটোরে এসেছেন। এ সময় নেতা-কর্মীরা কয়েক শ মোটরসাইকেলের এক বহর নিয়ে তাঁকে সদর উপজেলার আহম্মদপুর সেতুর কাছে ফুল দিয়ে নির্বাচনী এলাকায় বরণ করে নেন।
দলীয় সূত্র জানায়, প্রায় এক হাজার মোটরসাইকেলে করে নেতা-কর্মীরা বেলা ১১টায় বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটায় শফিকুল ইসলামকে অভ্যর্থনা জানান। বাদ্যবাজনাসহ মোটরসাইকেলের বহর তাঁকে সঙ্গে নিয়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা পৌনে তিনটায় শহরের কানাইখালী বাসস্ট্যান্ডে নিয়ে আসে। এখানে সংক্ষিপ্ত সমাবেশে শফিকুল ইসলাম বক্তব্য দেন। তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য তিনি দলের সভানেত্রীকে ধন্যবাদ জানান। এর আগে দত্তপাড়া, হয়বতপুর ও আহম্মদপুরেও তিনি পথসভায় বক্তব্য দেন। এই আসন থেকে সদ্য বিদায়ী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গত নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে বাদ দিয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামকে দল মনোনয়ন দিয়েছে।