কয়েক শ যাত্রীসহ ৩১ যান নিয়ে শাহ মখদুম আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতা-সংকটে মাওয়ায় ফেরি চলাচল গতকাল রোববার রাত সাড়ে নয়টায় বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা থেকে সীমিত আকারে চালু রাখলেও কবুতরখোলা ড্রেজিং চ্যানেলে রো রো ফেরি শাহ মখদুম আটকে গেলে চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী জাহাজ আটকে যাওয়া ফেরিটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আটকে যাওয়া স্থানে পানির গভীরতা মাত্র ছয় ফুট। কিন্তু ফেরিটি চলাচলে কমপক্ষে সাড়ে ছয় ফুট পানির প্রয়োজন। তাই উদ্ধারকার্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। মাওয়া থেকে কাওরাকান্দি যাওয়ার পথে আটকে যাওয়া ফেরিতে একটি বাস, ২১টি গাড়ি ও নয়টি ট্রাক রয়েছে। ফেরি আটকে যাওয়ায় কয়েক শ যাত্রী পড়েছে চরম বিড়ম্বনায়। তবে যাত্রীদের জন্য সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব তথ্য দিয়ে মাওয়াঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক জানান, নাব্যতা-সংকটের কারণে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাতটি ‘টানা ফেরি’ সম্পূর্ণ বন্ধ রেখে পাঁচটি ফেরি চলাচল করছিল। এখন মাওয়াঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং মিডিয়াম ফেরি ফরিদপুর যানবাহন ভর্তি করে গন্তব্যে রওনা হতে পারছে না। কে-টাইপ ফেরি কিশোরী ও ছোট ফেরি কর্ণফুলী মাওয়াঘাটে অপেক্ষা করছে। ফেরি শাহ মখদুম আটকে পড়ায় চ্যানেলে পাড়ি দেওয়ার আর কোনো সুযোগ নেই। পলি পড়ে চ্যানেলটি একেবারে বন্ধ হয়ে গেছে।তিনি আরও জানান, সরু চ্যানেলে ধাক্কা খেয়ে গত ২৪ ঘণ্টায় চারটি টানা ফেরি দুর্ঘটনার শিকার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিছুদিন ধরে মাওয়া-কাওরাকান্দি নৌপথ সচল রাখতে আটটি যন্ত্রের মাধ্যমে খনন শুরু হয়েছে। কিন্তু স্রোতের কারণে ফেরি চলাচল স্বাভাবিক রাখা যাচ্ছে না। এ পথের কবুতরখোলা-কাউলিয়া চ্যানেলের প্রায় এক কিলোমিটার এলাকা খুবই সরু। টানা ফেরি চলাচলের জন্য ১২০ ফুট প্রশস্ত চ্যানেল প্রয়োজন। সেখানে এই অংশের কোথাও কোথাও ৩০-৪০ ফুট প্রশস্ততায় নেমে এসেছে। নাওডোবা, হাজরা, কবুতরখোলা, কাউলয়ার চরসহ চ্যানেলে কায়েকটি স্থানে খনন চলছে। কিন্তু এসব অংশে স্রোতের কারণে খননযন্ত্র টিকে থাকতে পারছে না। সূত্রটি আরও জানায়, জানমালের নিরাপত্তার স্বার্থে এ ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। টানা ফেরিগুলো কোনোভাবেই চলতে পারছে না। গত ২৪ ঘণ্টায় টানা ফেরি লন্টিন, রামশ্রী, রানীখেত ও যমুনা দফায় দফায় দুর্ঘটনায় পতিত হয়। এখন পুরো চলাচল বন্ধ হয়ে পড়ায় দুই পাড়েই যানজট বাড়ছে। তবে কবে নাগাদ ফেরি সার্ভিস স্বাভাবিক হবে—এই কর্মকর্তা তা নিশ্চিত করতে পারেননি।