কয়েক সারিতে বাস রাখায় মোহাম্মদপুরে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা যাওয়ার সড়কজুড়ে পার্কিং করা হয় বিভিন্ন বাস। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা যাওয়ার সড়কজুড়ে পার্কিং করা হয় বিভিন্ন বাস। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা যাওয়ার নতুন সড়কের অর্ধেকের বেশি দখল করে গড়ে তোলা হয়েছে বাসস্ট্যান্ড। জনগণের সুবিধার্থে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি এক সারিতে বাস রাখার অনুমতি দিলেও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা তা মানছেন না। ফলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় তৈরি হচ্ছে তীব্র যানজট।
২০১৫ সালের ১ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও আসাদ অ্যাভিনিউ এলাকার সড়ক থেকে বাস সরিয়ে নেওয়া হয় মোহাম্মদপুর বছিলা নতুন সড়কে। এর আগে এসব বাস আসাদ অ্যাভিনিউ ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার সড়কে দাঁড়িয়ে থাকায় যানজট লেগে থাকত।
বাসগুলো সরিয়ে বছিলা সড়কে নেওয়ার পরে বেশ কিছুদিন মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট কম ছিল। যানজটে সময় নষ্ট না হওয়ায় স্বস্তিতে ছিলেন মোহাম্মদপুরবাসী। বছিলা সড়কে কয়েক সারিতে বাস রাখায় এবং একসঙ্গে একাধিক পরিবহনের বাস মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তোলায় সড়কে আবার যানজট সৃষ্টি হচ্ছে।
মোহাম্মদপুর থেকে প্রতিদিন বিভিন্ন রুটে তরঙ্গ প্লাস, এটিসিএল, মালঞ্চ, দীপন, মেশকাত, মিডওয়ে, ফাতেহসহ বিভিন্ন কোম্পানির শতাধিক বাস চলাচল করে। এসব বাস যাত্রা শুরু ও শেষ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায়। সারা দিন এসব পরিবহনের বাস সড়কের অর্ধেকের বেশি অংশ দখল করে রাখায় বাসস্ট্যান্ড এলাকায় যানজট লেগেই থাকছে।
একাধিক বাসচালক ও তাঁদের সহকারী বলেন, বাসগুলো রাখার মতো সুনির্দিষ্ট জায়গা না থাকায় সড়কের ওপরে রাখা হয়। যাত্রা শেষে কম প্রস্থের রাস্তাগুলোতে এসব বাস ঘুরোনোর কারণে যানজট বেশি হতো। বছিলা সড়কে বাস ঘুরাতে সমস্যা হয় না। তবে একাধিক সারিতে বাস রাখায় আর একই রুটে একাধিক কোম্পানির বাস থাকায় সারিতে আসার তাড়াহুড়ায় যানজট লাগছে।
গত বৃহস্পতিবার দেখা যায়, বছিলা সড়কে মোহাম্মদপুর থেকে ধুপখোলা পর্যন্ত পথে চলাচলকারী মালঞ্চ পরিবহনের চারটি বাস সড়কের ওপরে দাঁড়ানো। ফুটপাতের ওপরে বসানো কাউন্টার থেকে টিকিট নিয়ে সবার সামনের বাসটিতে যাত্রী ওঠানো হচ্ছে। তার পেছনে চিটাগাং রোড পর্যন্ত চলা মেশকাত পরিবহনের সাত-আটটি বাস কয়েক সারিতে একইভাবে সড়কের ওপর দাঁড়ানো। শেখেরটেক এলাকার বাসিন্দা আতিকুর রহমান বলেন, এতগুলো বাস রাস্তার ওপরে দাঁড়িয়ে থাকলে জ্যাম না লেগে উপায় আছে। এরা অর্ধেকেরও বেশি রাস্তা আটকে রাখে। ফলে ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে কয়েকগুণ বেশি সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে হয়।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, প্রতিদিন পুলিশের একটি দল মোহাম্মদপুর এলাকার বাস এক সারিতে রাখার বিষয়টি দেখভাল করে। বাসের লোকজন অপ্রয়োজনে তিন-চার সারি করে প্রতিবন্ধক তৈরি করে। এসব বাসের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা ও জরিমানা করা হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) স্থাপিত আরবান ল্যাব পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, মোহাম্মদপুরসহ রাজধানীর নয়টি জায়গাকে ডিএনসিসি পার্কিং মুক্ত করায় বছরে আর্থিক সাশ্রয় হবে ১ হাজার কোটি টাকার ওপরে। এই হিসাব যানবাহনের জ্বালানি সাশ্রয় ও যানজটের কারণে মানুষের যে কর্মঘণ্টা নষ্ট হতো সে হিসেবে করা হয়েছে।
ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, এলাকাবাসীকে যানজট থেকে মুক্তি দিতে বাসস্ট্যান্ডের আশপাশের সড়ক থেকে বাসগুলো বছিলার নতুন সড়কে সরিয়ে নেওয়া হয়েছে। এক সারিতে বাস রাখতে অনুরোধ করা হয়েছে। পরে বছিলা এলাকায় স্থায়ী বাস রাখার ব্যবস্থা করা হবে।