কয়েক স্থানে শিবিরের মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে গতকাল বৃহস্পতিবার ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এগুলোকে শিবির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা বলে দাবি করেছে। এর মধ্যে পুরান ঢাকার নারিন্দায় ও সিলেটে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে।
ছাত্রশিবির বলেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তারা সকাল নয়টায় রাজধানীর নারিন্দায় জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশের হামলায় দলের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে। তবে পুলিশ নারিন্দায় শিবিরের সঙ্গে সংঘর্ষের কথা স্বীকার করেনি। এ ছাড়া সকাল সাড়ে সাতটায় রাজধানীর বাড্ডা, নতুন বাজার, বিশ্বরোড এলাকায় ও সাড়ে আটটায় বনশ্রী এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির দাবি করেছে, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রংপুর মহানগর ও নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফেনী, ঝিনাইদহ, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ বিভিন্ন জেলা শহরে শোভাযাত্রা বের করে শিবির। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এক যৌথ বিবৃতিতে নারিন্দা ও সিলেটের শোভাযাত্রায় পুলিশের গুলি ও লাঠিপেটায় সংগঠনের ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটে ইসলামী ছাত্রশিবিরের বের করা শোভাযাত্রায় পুলিশ বাধা দেওয়ায় সংঘর্ষ হয়েছে। গতকাল সকালে নগরের লামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে শিবির দাবি করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শিবিরের ইটপাটকেল নিক্ষেপে ছয় পুলিশসদস্য আহত হন। শিবিরের মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোনে তাঁদের পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক নগর শিবিরের এক নেতা বলেন, শিবির নিষিদ্ধ কোনো সংগঠন নয়। প্রতিবছরই মদনমোহন কলেজ থেকে তাদের একটি শোভাযাত্রা হয়। এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ রহমতউল্লাহ বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে তখন প্রভাতফেরি চলছিল। শিবির যেহেতু মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে চিহ্নিত, তাই তাদের শোভাযাত্রাটি সেদিকে গেলে বড় ধরনের অঘটনের আশঙ্কা ছিল। এ কারণে বাধা দেওয়া হলে তারা পাল্টা আক্রমণ চালায়।
ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার: রাজধানীর পল্টনে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়েছে। অভিযানে ককটেল তৈরির সরঞ্জাম ও বেশ কিছু প্রচারসামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পল্টন থানা জানায়, গতকাল বেলা একটার দিকে পুলিশ শিবিরের কার্যালয়ে ঢুকে তল্লাশি চালায়। সেখান থেকে ককটেল তৈরির সরঞ্জাম, প্রচারপত্র, পোস্টার, ব্যানার ও সংগঠনের বইপত্র উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া উপপরিদর্শক (এসআই) শহীদুর রহমান জানান, কার্যালয়ের আশপাশের দেয়ালে প্রচারপত্র দেখে সন্দেহ হওয়ায় পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু টের পেয়ে কার্যালয় খোলা রেখেই লোকজন পালিয়ে যায়। শহীদুর রহমান জানান, উদ্ধার হওয়া সরঞ্জাম দিয়ে অন্তত ২০টি ককটেল তৈরি করা সম্ভব।
এদিকে কার্যালয়ে তল্লাশির নামে পুলিশের এ ‘তাণ্ডবের’ নিন্দা জানিয়েছে শিবির।