কয়েক হাজার ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জাম নেই
কক্সবাজারের টেকনাফে মাছ ধরার পাঁচ হাজারেরও বেশি ট্রলার রয়েছে। এর মধ্যে বেশির ভাগই ফিটনেস ও নিবন্ধনবিহীন। বঙ্গোপসাগর ও নাফ নদীতে চলাচলকারী এসব নৌযানে নেই কোনো লাইফ জ্যাকেট, রেডিও, বয়া ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম। স্থানীয়ভাবে তৈরি নাজুক এসব নৌযান সাগরে দমকা হাওয়া ও ঝড়ের মুখে পড়ে অনেক জেলে মারা যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে জেলেরা ঝুঁকি নিয়ে গভীর বঙ্গোপসাগরে এসব নৌযানে করে মাছ শিকারে যাচ্ছে। ঝড়-জলোচ্ছ্বাসের কবলে পড়ে উপকূলে গত তিন বছরে নৌযান ডুবিতে শতাধিক জেলে প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে আরও শতাধিক জেলে। সূত্র জানায়, টেকনাফের সেন্ট মাটিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, কাটাবনিয়া, হাদুরছড়া, খোরেরমুখ, মহেষখালীয়াপাড়া, চৌকিদারপাড়া ও শামলাপুরসহ বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার জেলে বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সরকারি নিয়মানুযায়ী, সমুদ্রগামী নৌযানগুলো নির্মাণের আগে মার্কেন্টাইল মেরিন বিভাগের চট্টগ্রাম কার্যালয় থেকে নকশা অনুমোদন এবং পরবর্তী সময়ে নিবন্ধন করাতে হয়। তা ছাড়া নৌযানে জীবন রক্ষাকারী বয়া, লাইফ জ্যাকেট, রেডিও, অগ্নিনির্বাপণব্যবস্থা, দিকনির্ণয়ক যন্ত্র থাকতে হয়। কিন্তু এ অঞ্চলে বঙ্গোপসাগরে চলাচলকারী বেশির ভাগ নৌযানে এসব সরঞ্জাম নেই। স্থানীয় জেলে ফরিদ আলম, মোকতার আহমদ ও খলিলুর রহমান বলেন, ‘উপজেলার জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় সাধারণত জুন-জুলাই মাসে সাগর উত্তাল থাকলেও মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে সাগরে মাছ শিকার করতে হচ্ছে।’টেকনাফ নৌযান মালিক সমিতির সূত্রে জানা যায়, এ উপকূলীয় উপজলায় মেরিন বিভাগের কোনো কার্যালয় না থাকায় ট্রলার মালিকেরা ইচ্ছামতো নৌযান তৈরি করছে। টেকনাফ ও শাহপরীর দ্বীপ বাজারপাড়া নৌযান মালিক সমিতির সভাপতি যথাক্রমে মো. রফিক কোম্পানি ও দিল মোহাম্মদ বলেন, উপজেলার অধিকাংশ নৌযানে লাইফ জ্যাকেট, বয়া ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই। গত তিন বছরে সাগরে নৌযান ডুবে উপজেলার শতাধিক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও শতাধিক জেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনম নাজিম উদ্দিন বলেন, এখানে মাছ ধরার পাঁচ হাজারের বেশি নৌযান রয়েছে। সমুদ্রগামী এসব নৌযানে পর্যাপ্ত বয়া, লাইফ জ্যাকেট, রেডিও, অগ্নিনির্বাপণব্যবস্থা, দিকনির্ণয় যন্ত্র রাখার জন্য সংশ্লিষ্ট জেলে সমিতি ও নৌযানের মালিক সমিতিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিটনেস ও নিবন্ধনবিহীন নৌযানগুলোর বিরুদ্ধে কিছুদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।