কয়েক হাজার নৌযানে নেই জীবনরক্ষাকারী সরঞ্জাম
কক্সবাজারের টেকনাফে সাত হাজার নৌযান থাকলেও অধিকাংশেরই ফিটনেস নেই। কিছু নৌযানের ফিটনেস ও নিবন্ধন আছে। বাদবাকি নৌযানে ফিটনেস, এমনকি নিবন্ধন পর্যন্ত নেই। ফলে দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টিতে নাজুক এসব নৌযান ডুবে প্রাণহানির ঘটনা ঘটছে।বঙ্গোপসাগর ও নাফ নদীতে চলাচল অনুপযোগী এসব যানে নেই কোনো জীবনরক্ষাকারী জ্যাকেট, রেডিও, বয়া ও অন্যান্য সরঞ্জাম।ঝড়-জলোচ্ছ্বাসের কবলে পড়ে উপকূলে প্রতিবছর নৌযানডুবির ঘটনা ঘটছে। এতে শতাধিক জেলে প্রাণ হারাচ্ছেন; নিখোঁজ হচ্ছেন আরও শতাধিক। গত ৯ জুন টেকনাফ উপকূলে হঠাৎ দমকা হাওয়া ও ঝড়ের কবলে পড়ে এখনো ১০টি নৌযানসহ অর্ধশতাধিক জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উপকূল থেকে ফরিদ আহমদ (৩০) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, উপকূলীয় অঞ্চল টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাংসহ বিভিন্ন এলাকার প্রায় ২৫ হাজার জেলে বঙ্গোপসাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য তাঁদের প্রায় সাত হাজার ছোট-বড় নৌযান রয়েছে।সরকারি নিয়মানুযায়ী, সমুদ্রগামী নৌযান নির্মাণের আগে সরকারের মার্কেন্টাইল মেরিন বিভাগ থেকে নকশা অনুমোদন ও পরে নিবন্ধন করাতে হয়। সরকারি বিধি অনুযায়ী, সমুদ্রগামী নৌযানে জীবনরক্ষাকারী বয়া ও জ্যাকেট, রেডিও, অগ্নিনির্বাপণব্যবস্থা, পর্যাপ্ত শুকনো খাবার, অতিরিক্ত আরও লাইফ জ্যাকেট, দেশলাই ও দিকনির্ণয়ক যন্ত্র থাকতে হবে। কিন্তু এ অঞ্চলের বেশির ভাগ নৌযানে অপরিহার্য এসব সরঞ্জাম থাকে না।টেকনাফের নৌযান মালিক সমিতি সূত্রে জানা যায়, গত কয়েক বছরে এ অঞ্চলে নৌযানডুবিতে শতাধিক জেলে মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও শতাধিক। এ ব্যাপারে উপকূলীয় অঞ্চলে মেরিন বিভাগের কোনো কার্যালয় নেই। তাই চট্টগ্রামে অবস্থিত সদর দপ্তর থেকে সারা দেশের জেলেদের নিবন্ধন, নকশা অনুমোদন, নিবন্ধন হালনাগাদকরণসহ যাবতীয় কাজ করতে হয়।জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ গোলাম রব্বানী জানান, এখানে সাত হাজারের বেশি মাছ ধরার যান রয়েছে। স্থানীয় জেলে সমিতি ও নৌযানের মালিক সমিতিকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জীবনরক্ষাকারী সরঞ্জামাদি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। অন্যথায় অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।