কয়েক হাজার হেক্টর জমির আমনে পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে রংপুরের পীরগাছা ও জয়পুরহাটের পাঁচবিবিতে আমনখেতে ব্যাপকভাবে মাজরা পোকা ও বাদামি ঘাসফড়িং আক্রমণ করেছে। একই সঙ্গে বিস্তীর্ণ এলাকার খেতের ধানগাছ ছত্রাকজাতীয় খোলপচা, খোলপড়া ও পাতামরা রোগে আক্রান্ত হয়েছে। এতে কৃষকেরা চিন্তিত হয়ে পড়েছেন।কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, পোকার আক্রমণ ঠেকাতে পরিমাণমতো প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ এবং খোলপচা, খোলপড়া ও পাতামরা রোগ প্রতিরোধের জন্য জমিতে বেশি করে পটাশ সার ব্যবহার করতে হবে।কৃষি কর্মকর্তারা আরও জানান, রোগ প্রতিরোধে আক্রান্ত খেতে পানি কমাতে এবং ইউরিয়া সার প্রয়োগ বন্ধ করতে হবে। এ ছাড়া খেতে বালাইনাশক কন্টাফ ছিটাতে হবে। পোকার আক্রমণ ঠেকাতে জমিতে ধনিচাগাছ রোপণ ও গাছের ডাল পুঁততে হবে। ধনিচাগাছ ও গাছের ডালে বসে পাখিরা খেতের পোকা খেয়ে ফেলবে। পীরগাছা উপজেলার অন্নদানগর, ছাওলা, কান্দি, ইটাকুমারী, পারুল, কল্যাণী, কৈকুড়ী, পীরগাছা ও তাম্বুলপুর ইউনিয়নের অধিকাংশ আমনখেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। অন্নদানগর, ছাওলা ও কান্দি ইউনিয়নের গোবরাপাড়া, জগজীবন, মনিরামপুরসহ বেশ কয়েকটি গ্রামে সরেজমিনে দেখা গেছে, পোকায় আক্রমণ করা গাছ লালচে হয়ে গেছে। খোলপচা রোগে আক্রান্ত গাছের গোড়ার দিক পচে গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়নে ১৬ হাজার ৫০০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। মৌসুমের মাঝামাঝি সময়ে অতিরিক্ত খরায় ধানের জমি শুকিয়ে ধানগাছের ব্যাপক ক্ষতি হয়। আশ্বিনের শুরুতেই বৃষ্টি হলে ধানগাছ সতেজ হয়ে উঠত। কিন্তু বৃষ্টি না হওয়ায় আমনখেতে ব্যাপক হারে মাজরা ও বাদামি ঘাসফড়িং পোকার আক্রমণ করেছে। এ ছাড়া ধানগাছ ছত্রাকজাতীয় খোলপচা রোগেও আক্রান্ত হয়েছে।উপজেলার জগজীবন গ্রামের কৃষক আলমগীর সরকার বলেন, বিআর-১১, স্বর্ণা ও রণজিৎ-জাতীয় ধানে পোকার আক্রমণ সবচেয়ে বেশি। পোকার আক্রমণ ঠেকাতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজ হচ্ছে না।কান্দি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আ. জলিল প্রামাণিক বলেন, আমনখেতের ৬০-৭০ শতাংশ গাছে পোকা আক্রমণ করেছে। কিছু গাছ খোলপচা রোগে আক্রান্ত হয়েছে। পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ২০ হাজার ৯৬০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নের প্রায় সব আমনখেতে মাজরা পোকা আক্রমণ করেছে।সরেজমিনে দেখা গেছে, ধরঞ্জী ইউনিয়নের বাগুয়ান ও গোবরা বিল, আটাপুর ইউনিয়নের ধাবাইপুর, বেতগাড়ী, ক্ষিরাপাথার, উচাই ও মাঝিনা, কুসুম্বা ইউনিয়নের মঠপাড়া বৃদ্ধিগ্রাম, আয়মারসুলপুর ইউনিয়নের অনন্তপুর ও ছোটমানিক, বাগজানা ইউনিয়নের দিবাকরপুর ও মাগুরা, আওলাই ইউনিয়নের পিয়ারা ছাতিনালী, মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দি, বিনধারা বিলসহ অন্যান্য গ্রামের খেতে পোকার আক্রমণ লক্ষ করা গেছে। আক্রান্ত ধানগাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে।বাগুয়ান গ্রামের কৃষক আবদুস সালাম বলেন, ‘আমার ধানের খেতে মাজরা পোকা আক্রমণ করেছে। গুটি স্বর্ণা, স্বর্ণা ও রঞ্জিত ধানে পোকার আক্রমণ বেশি।উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল ওয়াদুদকে বলেন, উপজেলার প্রায় ১২৫ হেক্টর জমিতে মাজরা পোকা আক্রমণ করেছে। এ ছাড়া ৬৬ হেক্টর জমিতে খোলপড়া, খোলপচা ও ৪০ হেক্টর জমি পাতামরা রোগে আক্রান্ত হয়েছে।