ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে কোটালীপাড়ার শৈলদাহ নদীর পাথরিয়ার খালের মুখে একটি স্লুইসগেটের নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে চলতি বোরো মৌসুমে পিঞ্জুরী ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমি লোনাপানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপায়ান্তর না দেখে গেটের সামনে গ্রামবাসী মাটির বাঁধ তৈরি করে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছেন। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০০১ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে স্লুইসগেটটি নির্মাণ করা হয়। এক বছর পর ২০০২ সালে গেটটির নির্মাণকাজ শেষে খুলে দেওয়া হয়। ২০০৩ সালে কৃষকেরা দেখতে পান, গেটের কপাট বন্ধ করার পরও খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ধীরে ধীরে গেটের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুড়ঙ্গটি বড় হতে হতে আরেকটি ছোট খালের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষক যতীন মজুমদার বলেন, ‘আগে বেড়িবাঁধ আর গেট কিছুই ছিল না। এতে ফসলও তেমন হতো না। মাছ ধরে গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করত। বেড়িবাঁধ ও গেটের পর আমাদের পেশাও পাল্টে গেছে; সবাই কৃষক। কিন্তু গেটের তলা দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হয়, তাতে এক রাতেই কয়েক হাজার হেক্টর জমির ধান তলিয়ে যাওয়া সম্ভব।’ পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন ফকির বলেন, গ্রামবাসী যে বাঁধ দিয়েছে, তা এখনই পানিসমান হয়ে গেছে। বর্ষা মৌসুম শুরু হলে বাঁধ উপচে অথবা পানির তোড়ে বাঁধ যেকোনো সময় ভেঙে যাবে। তখন জমির ধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, ‘বর্ষার আগেই স্লুইসগেটটি মেরামতের চেষ্টা চলছে। ইতিমধ্যে ত্রুটিও চিহ্নিত করা হয়েছে। বাঁধটি গ্রামবাসী তৈরি করলেও টাকা আমরা দিয়েছি। প্রয়োজনে বাঁধ উঁচু করা হবে।’