ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় পুলিশ কয়েকজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলছে, রিমান্ডে থাকা এক বিদেশি নাগরিক ও সিটি ব্যাংকের তিন কর্মকর্তার তথ্যের ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, রিমান্ডে থাকা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে ৪০-৫০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার কথা বলেছেন। এসব তথ্যের অধিকাংশই দিয়েছেন জার্মানির নাগরিক পিওতর। কার্ড জালিয়াতির ঘটনায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত, নাকি উদ্দেশ্যমূলকভাবে তাঁদের কথা বলা হয়েছে, তা যাচাই করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে তিন-চারজনকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম বলেননি। ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, পিওতর নকল পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে এসেছিলেন। তিনি এক বছর ধরে এটিএম জালিয়াতি করে আসছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, এটিএম কার্ড জালিয়াতিতে পুলিশের কোনো সদস্যের জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।
গত ২২ ফেব্রুয়ারি পিওতর সিজোফোন ও সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের কর্মকর্তা মকসেদ আলম (মাকসুদ), রেজাউল করিম ও রেফাজ আহমেদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাঁদের ছয় দিন করে রিমান্ডে নেয় ডিবি। পরে গত সোমবার তাঁদের দ্বিতীয় দফায় পাঁচ দিন করে রিমান্ডে নেওয়া হয়।
৬ থেকে ১২ ফেব্রুয়ারি বেসরকারি ব্যাংক ইস্টার্ন, সিটি, ইউসিবিএলের গুলশান, বনানী ও মিরপুরের কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি এবং পরে ক্লোন কার্ড তৈরি করে টাকা তুলে নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি ইস্টার্ন ব্যাংকের একাধিক গ্রাহক মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে তাঁদের হিসাব থেকে টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে ব্যাংকে অভিযোগ করেন। কার্ড জালিয়াতির ঘটনায় ইউসিবিএল গত ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় মামলা করে। মামলা দুটি তদন্ত করছে ডিবি।