কয়েকজনের জন্য সরকারকে দায়ী করলে চলবে না
তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে সংবাদপত্রের কঠোর সমালোচনা করা ঠিক হয়নি। সংসদে ক্ষমতাসীন দলের ৩০৫ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে পাঁচ-সাতজন কয়েকটি সংবাদপত্রের সমালোচনা করে বক্তৃতা করেন। এ জন্য পুরো দল বা সরকারকে দায়ী করলে চলবে না।ওবায়দুল কাদের বলেন, সংসদ ও সংবাদপত্র একে অপরের সহায়ক শক্তি, প্রতিদ্বন্দ্বী নয়। সে ক্ষেত্রে সাংসদ ও সাংবাদিক উভয় পক্ষকে সংযত হওয়া উচিত। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর কারও কারও ভূমিকা নিন্দনীয় ছিল। কিছু সাংবাদিক টেলিভিশনের টক শোতে বিতর্কিত কথাবার্তা বলেছেন। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। গতকাল শনিবার সকাল ১০টায় কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, সাংসদেরা জনগণের ভোটে নির্বাচিত। অন্যায় করলে পরবর্তী নির্বাচনে মাশুল দেবেন। কিন্তু ঢালাওভাবে সাংসদদের হেয় করে সংবাদ পরিবেশন করাও ঠিক নয়।সাংসদ ওবায়দুল কাদের বলেন, অনেকে বলছেন, আবারও এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। রাজনীতিতে দুর্বলতার বিস্তার ঘটলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। উগ্রবাদ, জঙ্গিবাদের উত্থান হলে গণতন্ত্র ধ্বংস হবে। সংসদ অকার্যকর হবে। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মহাজোট সরকার গঠন করার এক বছর কোনো কথা বলিনি। কারণ আমি মন্ত্রী নই। পরে অবস্থা দেখে বলতে শুরু করেছি, ১৮ মাসে যাঁরা পারেন না, তাঁরা ১৮ বছরেও পারবেন না। ছাত্রলীগ-যুবলীগ পরিচয় দিয়ে সারা দেশে সন্ত্রাস, টেন্ডারবাজি ও চাঁদাবাজি চলছে। এসব সন্ত্রাসীকে ধরে জেলে ঢোকাতে বলেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা সন্ত্রাসীদের মদদ দিই। তা না হলে তারা এত সাহস পায় কী করে? যাঁরা সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন, অন্যায়-দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন, আগামী নির্বাচনে তাঁদের মাশুল দিতে হবে।’পাবনায় পরীক্ষার কেন্দ্রে ছাত্রলীগ-যুবলীগের হামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের মধ্যে এ নিয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।