কয়েকজনের বিরুদ্ধে মামলা, একজন জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুই শিশুকে অপহরণের ছয় ঘণ্টা পর গত বুধবার উদ্ধার করে র্যা ব। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দিনই গ্রেপ্তার হওয়া এক নারীসহ কয়েকজনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে।
গতকাল সকালে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া চৌদ্দগ্রামের সাতবাড়িয়া গ্রামের ফারহানা আফরীন ওরফে এষার (১৯) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা মামলাটি করেন ওই দুই শিশুর মা রহিমা বেগম। দুপুরে ফারহানাকে কুমিল্লার আমলি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
র্যা ব, পুলিশ ও অপহৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অপহৃত মিসতাইনুল জান্নাহ মিঠু (৮) ও মাহি আক্তার (৭) সম্পর্কে দুই বোন। তাদের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলোক দিয়া গ্রামে। বাবা দেলোয়ার হোসেন সৌদিপ্রবাসী। শিশু দুটি নগরের টমছমব্রিজ ইকরা স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী। এর মধ্যে মিঠু তৃতীয় শ্রেণিতে ও মাহি দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বুধবার বেলা সাড়ে ১১টায় বোরকা পরে ফারহানা ওই প্রতিষ্ঠানে যান। নিজেকে শিশুদের খালা বলে পরিচয় দিয়ে শ্রেণিকক্ষ থেকে শিশু দুটিকে নিয়ে বের হন।
বেলা একটার দিকে তিনি শিশুদের মাকে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় যেতে বলেন।
বিষয়টি শিশুদের পরিবারের পক্ষ থেকে র্যা বকে জানানো হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে চৌদ্দগ্রামের প্রশিক্ষণকেন্দ্র এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়।
র্যা ব-১১ কুমিল্লার সহকারী পুলিশ সুপার মংনেপুয়াই মারমা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম থেকে ওদের উদ্ধার করি। একই সময় ঘটনাস্থল থেকে অপহরণকারীকেও আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান প্রথম আলোকে বলেন, কথিত ওই খালা শিশুদের মায়ের কাছে টাকা পেতেন। ওই টাকা না দেওয়ার কারণেই শিশুদের তুলে নিয়ে যান বলে ফারহানা দাবি করেন।