কয়েকটি কারখানাকে জরিমানা ও একটি ইটভাটা উচ্ছেদ
পরিবেশ আইন অমান্যের অপরাধে চার জেলার পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও গাজীপুরে একটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গত তিন দিনে এনফোর্সমেন্ট (আইন কার্যকর) অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়। গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জের সিঙ্গাইরের মানিকনগর গ্রামে কৃষিজমি ধ্বংস করে নির্মিত একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা বার বার উপেক্ষা করে মেসার্স মোল্লা ব্রিকস নামের ইটভাটাটি নির্মাণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এই ইটভাটার কারণে গ্রামীণ পরিবেশ ক্ষতিগ্রস্ত, কৃষিজমি নষ্ট ও জনস্বাস্থ্য বিপর্যস্ত হয়ে পড়ে। এর আগে ২৭ ও ২৮ নভেম্বর অভিযান চালিয়ে নরসিংদীতে ব্রহ্মপুত্র নদে বর্জ্য ফেলার অপরাধে ম্যাক টেক্সটাইল মিলস লিমিটেডকে ২৬ দশমিক ৭২ লাখ টাকা, নারায়ণগঞ্জে বিষাক্ত বায়ু নিঃসরণের অপরাধে বিক্রমপুর স্টিল এবং ইকোউড লিমিটেডকে ৮ দশমিক ৬৮ লাখ টাকা, সিলেটে টিলা কেটে ভবন নির্মাণের অপরাধে মো. এমরান সালামকে চার লাখ টাকা এবং রাজধানীর গুলশানে গভীর রাতে শব্দদূষণের অপরাধে ইনস্টার লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ম্যাক টেক্সটাইলের উৎপাদন কার্যক্রম ও ইনস্টার লিমিটেডের রাতে নির্মাণ কার্যক্রম চালানো বন্ধ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেখা গেছে, ম্যাক টেক্সটাইলস ব্রহ্মপুত্র নদে প্রায় নয় কোটি লিটার অশোধিত বর্জ্য ফেলেছে। এ ছাড়া বিক্রমপুর স্টিল মিলে বিষাক্ত বায়ু নিঃসরণের মাত্রা ১১৯০ (আদর্শ মাত্রা ২০০) এবং ইনস্টার লিমিটেডে সর্বোচ্চ ৭৫ ডেসিবল (সহনীয় মাত্রা ৪৫) মাত্রার শব্দ পাওয়া যায়। এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, ‘জনজীবনে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করা এবং পাহাড় ও নদী রক্ষায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছে এবং দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নিচ্ছে।’