কয়েকটি গ্রাম বিলীনের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঢাকার দোহার উপজেলার শত শত পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। ঝুঁকির মুখে রয়েছে ঢাকা-দোহার-কাশিয়াখালী বেড়িবাঁধের বাহ্রা বাজার, অরঙ্গাবাদ ও ঘোশাইল গ্রাম। এদিকে এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা রক্ষা বাঁধ বাস্তবায়নে জোর দাবি জানিয়েছে।সরেজমিন ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনে নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা বাজার ও আশপাশের এলাকায় প্রচণ্ড ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ভাঙনকবলিত এলাকায় গত এক সপ্তাহে চার-পাঁচটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানুষের এখন শেষ সম্বল গরু-বাছুর, হাঁস-মুরগি রাখার জায়গাটুকুও নেই। বেড়িবাঁধের বড় রাস্তাও পানিতে ছুঁইছুঁই করছে। যেকোনো সময় রাস্তা ধসে গিয়ে উপজেলা সদর দোহারের সঙ্গে নয়াবাড়ি ইউনিয়নের ৮/১০টি গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পদ্মার তীরবর্তী মানুষের একটাই চিন্তা, পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবে তারা। স্থানীয় লোকজন আরও জানান, সম্প্রতি বাহ্রা বাজার ও বেড়িবাঁধ রক্ষায় তাঁরা বাঁশের বেড়া দিয়ে পদ্মার ভাঙন ঠেকাতে বাঁধ তৈরি করেছে। গত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রক্ষা বাঁধ তৈরিতে দোহারবাসীকে প্রতিশ্রুতি দিলেও গত আড়াই বছরে তার কোনো বাস্তবায়ন হয়নি। তাঁরা এখন দ্রুত প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। বাহ্রা বাজারের ব্যবসায়ীদের আশঙ্কা, নদীতে গত কয়েক দিনে যেভাবে পানি বাড়ছে, তাতে ভাঙন আরও তীব্র হতে পারে। বেড়িবাঁধ ভেঙে গেলে শিলাকোঠ, বাংলাবাজার, দেওভোগ, ধোয়াইর গ্রামসহ ব্যাপক এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তাঁরা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করলেও কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান বলেন, নদীভাঙন প্রতিরোধে পাউবোকে বারবার বলেও কোনো সাড়া মিলছে না। দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ দত্ত বলেন, এভাবে ভাঙন অব্যাহত থাকলে দোহারের নয়াবাড়ি, মাহমুদপুর, বিলাশপুর, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পাউবোকে তাগিদ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ভাঙন প্রতিরোধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।