কয়েকটি জেলার ডিসি প্রত্যাহার করে নতুন নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকজন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে সেখানে নতুনদের নিয়োগ করা হচ্ছে। নিয়োগের জন্য যোগ্যদের একটি তালিকাও তৈরি করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সূত্র বলছে, দেশব্যাপী সাম্প্রতিক সহিংসতার সময় কোনো কোনো জেলার ডিসি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি বলে সরকার মনে করছে। তা ছাড়া নিরাপত্তার জন্য ডিসিদের অতিরিক্ত বাহিনী চাওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় সরকার বিব্রত। এ জন্য সাম্প্রতিক ঘটনায় যেসব ডিসি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলে সরকার মনে করছে, তাঁদের প্রত্যাহার করা হতে পারে।তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি সূত্র বলেছে, কিছুদিন আগে থেকেই কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য যোগ্যদের একটি তালিকাও করে রাখা হয়। এখন সেই বিষয়টিই ত্বরান্বিত হচ্ছে।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গতকাল শনিবার বলেন, ‘অস্বাভাবিক কারণে কোনো জেলা প্রশাসককে প্রত্যাহার করার কোনো সিদ্ধান্ত নেই। তবে জেলা প্রশাসকদের বদলি কিংবা প্রত্যাহারের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। যাঁদের বেশি দিন হয়ে গেছে, তাঁদের প্রত্যাহার করা হবে। এটাই স্বাভাবিক। ডিসি নিয়োগের জন্য একটি ফিট লিস্ট তৈরি আছে।’