সরকার কয়েকটি দাবি মেনে নিয়ে বাকিগুলো বিবেচনায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় এক মাসের জন্য পেট্রলপাম্প ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে সরকারের সঙ্গে বৈঠকের পর পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদের নেতারা এ ঘোষণা দেন।সংকট নিরসনে জ্বালানি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হকের সঙ্গে বৈঠকে বসেন পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক নেতারা। দুপুর দুইটার দিকে বৈঠক থেকে বেরিয়ে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক। তেল বিক্রির কমিশন বাড়ানোসহ ১৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হলে গতকাল সারাদেশে পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ হয়ে যায়। ট্যাংকলরিগুলোও ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখে। নাজমুল হক প্রথম আলোকে জানান, ১৩ দফা দাবির চারটি সরকার তাৎক্ষণিক মেনে নিয়েছে। তেল বিক্রির কমিশন বাড়ানোসহ বাকি নয়টি দাবি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব আবু তাহেরকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। কমিটিতে মালিক-শ্রমিক ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন। বৈঠক শেষে উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী সাংবাদিকদের জানান, ধর্মঘট আহ্বানকারীদের বেশ কিছু সমস্যা সমাধানযোগ্য। এসব সমাধানে মন্ত্রণালয় থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু সমস্যা রয়েছে যা সমাধানে অন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। সেক্ষেত্রে আন্তমন্ত্রণালয় সভা করে সমাধান করতে হবে। গঠিত কমিটি শুধু আলোচনাই করবে না, মালিক-শ্রমিকদের দাবি বাস্তবায়ন ও তদারকিও করবে।নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী সরকার যে চারটি দাবি মেনে নিয়েছে সেগুলো হলো—এখন থেকে পুলিশ রাস্তায় ট্যাংকলরির কাগজপত্র পরীক্ষা করবে না। তেল নেওয়ার পর ডিপোতেই ট্রাফিক পুলিশের প্রতিনিধি তা করবেন। পেট্রলপাম্পে ডাকাতি বন্ধে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে মালিকদের। ট্যাংকলরির বিদ্যমান টার্মিনালগুলোর সংস্কার করা হবে। পেট্রলপাম্পগুলোয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান হলে, হয়রানি এড়াতে সে সময় জ্বালানি তেলের কোম্পানিগুলোর প্রতিনিধি থাকবে। একই দাবিতে দুই মাস আগে প্রতীক ধর্মঘট করেন পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকেরা।১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য অন্যগুলো হচ্ছে—তেল বিক্রির কমিশন দুই শতাংশ থেকে বাড়িয়ে সাত শতাংশ করা, পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, প্রত্যেক ডিপোতে তেল পরীক্ষার জন্য ল্যাবরেটরি স্থাপন, ট্যাংকলরির ভাড়া বাড়ানো ইত্যাদি। গতকাল ভোর থেকে ধর্মঘটের কারণে রাজধানী ঢাকায় পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ থাকে। এ সময় গ্রাহকেরা দুর্ভোগে পড়েন। একমাত্র শাহবাগে মেঘনার পাম্পটি চালু ছিল। সেখানে সকাল থেকে তেল নিতে যাওয়া গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়। বিজয় সরণির পাম্পটি খোলা থাকলেও সেখানে তেলের যথেষ্ট মজুদ না থাকায় বিক্রি বন্ধ ছিল। পাম্পকর্মীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শুক্র ও শনিবার ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ছিল। ফলে অধিকাংশ পাম্পে গতকাল তেলই ছিল না।