
ঢাকায় ইতালির নাগরিক হত্যাকাণ্ডকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুনের ঘটনার পেছনে নিশ্চয় বড় কোনো শক্তি রয়েছে। তারা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। খুনিদের অবশ্যই খুঁজে বের করা হবে। তবে এ খুনের ঘটনার পর ঢাকাস্থ কয়েকটি দূতাবাস বাংলাদেশে তাদের নাগরিকদের প্রতি ‘রেড অ্যালার্ট’ জারি করায় বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশে এমন হত্যাকাণ্ড অহরহ ঘটছে। এ নিয়ে তো কোনো রেড অ্যালার্ট জারি করা হয় না।
পৃথক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বর্তমান সরকারের মেয়াদ শেষে সাংবিধানিক ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচন হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি সেখানে যান। সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয় ১৫ সেপ্টেম্বর। চলবে ২ অক্টোবর পর্যন্ত। ৩ অক্টোবর দুপুরে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতিসংঘ বাংলাদেশ মিশনে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে তাঁর ব্যস্ত সময়ের কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
ইতালির নাগরিক হত্যাকাণ্ড নিয়ে বিএনপির এক নেতার ‘অতিউৎসাহ’ রহস্যজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় গিয়ে এ নেতার ‘অতিউৎসাহের’ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি-জামায়াত জঙ্গিবাদী সংগঠন বলে তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
বাংলাদেশে আইএসের তৎপরতার কোনো তথ্য গোয়েন্দাদের কাছে নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে বাংলাদেশে জঙ্গি তৎপরতা সম্পর্কে যে সংবাদ বেরিয়েছে, তা দেশের গোয়েন্দারা খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রী বলেন, হত্যা-খুনের রাজনীতিকে যারা প্রশ্রয় দিয়েছিল, তারাই এসবের সঙ্গে এখনো জড়িয়ে আছে।
প্রধানমন্ত্রী ২০১৯ সালের আগে কোনো আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সমর্থক, যারা বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়ন চায় না, তারাই নির্ধারিত সময়ের আগে সাধারণ নির্বাচন চাইতে পারে। ‘আগাম নির্বাচন কেন? দেশের উন্নয়ন পছন্দ হচ্ছে না?’—এ প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নিয়ে অন্যদের চিন্তা না করার পরামর্শ দেন তিনি। আগাম নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমানের বিচার সম্পন্ন হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের ওপর পুরোপুরি নির্ভর করছে। তিনি বলেন, যারা নির্বাচনে না গিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে, তারাই অপেক্ষা করছে দেশে অস্থিতিশীল কিছু ঘটুক।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রোধ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট নির্বাচনে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে মানুষ হত্যার পথ বেছে নিয়েছিল। শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অবশ্যই পুড়িয়ে মানুষ মারার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করবে। কেউ রেহাই পাবে না। তাদের অবস্থান যা-ই হোক না কেন, আমরা তাদের বিচারের মুখোমুখি করব।’
জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে চীনের আগ্রহের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি জাতিসংঘের ব্যাপার। কোন দেশ থেকে কতজন শান্তিরক্ষী ডেকে পাঠাবে, তা জাতিসংঘই নির্ধারণ করবে। বাংলাদেশের শান্তিরক্ষীরা দ্রুত সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন।
ব্লগার হত্যা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের মর্যাদা নিশ্চিত করা আছে। যে ধর্ম মানে না, সে মানবে না। তবে আল্লাহ, রাসুল (সা.)-কে নিয়ে কটাক্ষ গ্রহণযোগ্য হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার এ ধরনের পরিস্থিতি মোকাবিলার পথ খুঁজছে। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা চলতে থাকলে তা হবে একজন মানুষের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। আমাদের ধর্ম অবমাননা বন্ধে ব্যবস্থা নিতেই হবে।’
সংবাদ সম্মেলনে দেশের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সফররত পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন।
(প্রতিবেদনটি তৈরিতে সরকারি বার্তা সংস্থা বাসসের সহায়তা নেওয়া হয়েছে।)