কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরীক্ষা করবে ডিবি
এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সন্দেহভাজন কিছু প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব পরীক্ষা করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ জন্য শিগগিরই তাঁরা আদালতে যাবেন বলে জানা গেছে।
গতকাল রোববার ডিবির (উত্তর) সহকারী কমিশনার নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্ড জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়া জার্মানির নাগরিক পিওতর সিজোফেন কিছু প্রতিষ্ঠানের নাম বলেছেন। প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অবৈধভাবে আর্থিক লেনদেন হয়েছে বলেও পিওতর জানিয়েছেন। দু-এক দিনের মধ্যে বৈঠক করে পিওতরের উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব চেয়ে আদালতে একটি আবেদন করা হবে। আদালতের অনুমতি পেলে ডিবির পক্ষ থেকে সন্দেহভাজন ব্যাংক হিসাবগুলো পর্যালোচনা করা হবে। পর্যালোচনায় যদি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায় তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুল ইসলাম আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে পিওতর জালিয়াতির সঙ্গে জড়িত যে ১০০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার তথ্য দিয়েছিলেন তার মধ্যে ৪০ থেকে ৫০ জনের জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।’
গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারি গুলশান, বনানী ও কালশীর চারটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ নামের যন্ত্র বসিয়ে গ্রাহকদের কার্ডের ব্যক্তিগত তথ্য চুরি করে একটি চক্র। পরে চুরি করা তথ্য দিয়ে তারা নকল কার্ড তৈরি করে ইস্টার্ন, সিটি, ইউসিবিএল ব্যাংকের কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ইউসিবিএল ১২ ফেব্রুয়ারি বনানী থানায় এবং সিটি ব্যাংক ১৫ ফেব্রুয়ারি পল্লবী থানায় দুটি পৃথক মামলা করেছে।