কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা বাদে কুড়িগ্রামে শান্তিপূর্ণ ভোট
বিচ্ছিন্ন কয়েকটি অপ্রীতিকর ঘটনা বাদে গতকাল শনিবার কুড়িগ্রাম সদর, চিলমারী ও রৌমারী উপজেলা পরিষদের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে।
বেলা ১১টার দিকে সদর উপজেলার হলোখানা দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভাঙচুর ও ৩০০ ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, বেলা ১১টার দিকে একদল লোক আকসিঞ্চকভাবে ভোটকেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ৭ নম্বর বুথ ভাঙচুর করে এবং ৩০০ ব্যালট পেপার ছিনতাই করে। এ ছাড়া তারা আনসারসহ ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেধড়ক মারধর করে। তখন আতঙ্কে ভোটাররা দিগিবদিক ছোটাছুটি করতে থাকেন। নিরাপত্তার অভাবে ভোট গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন জানান, ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হয়ে যাওয়া ১০০ পাতার একটি ব্যালট বই উদ্ধার করা হয়।
দুপুরে সদর উপজেলার শিবরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে জাতীয় পার্টির এক কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করেন আওয়ামী লীগের সমর্থকেরা।