কয়েকটি ব্যাংকে শিবিরের ইটপাটকেল নিক্ষেপ
ফেনীতে গতকাল শনিবার দুপুরে ছাত্রশিবিরের কর্মীরা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে মিছিল করে কয়েকটি বেসরকারি ব্যাংক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে একই স্থানে পাশাপাশি ভবনে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের জানালার কয়েকটি কাচ ভেঙে যায়। এ সময় শিবির কর্মীরা তিন-চারটি অটোরিকশার কাচও ভাঙচুর করেন। এ ছাড়া দুপুরে জগন্নাথ বাড়ি সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছাগলনাইয়ায় ১৪৪ ধারা: ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের জিরো পয়েন্টে গতকাল জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ একই সময়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে। উত্তেজনাকর পরিস্থিতিতে গতকাল দুপুর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত ছাগলনাইয়া পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন।