কয়েকটি সড়কে আজ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬ মার্চ ঢাকা ও সাভার এলাকার কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এ সময় চালকদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্যরা, দেশি-বিদেশি কূটনীতিক ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট নাগরিকেরা সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করতে আসা অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য আজ দুপুর ১২টা থেকে জিরো পয়েন্ট থেকে গুলিস্তান পাতালপথ ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন প্রবেশ করতে পারবে।
এদিকে আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিশিষ্টজনেরা সাভার স্মৃতিসৌধে যাবেন। তাঁদের সুষ্ঠু আসা-যাওয়া নিশ্চিত করতে আজ ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক ও ব্যবহারকারীকে গাবতলী আমিন বাজার ব্রিজ-সাভার রোড ব্যবহার না করে বিকল্প সড়ক হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-উত্তরা-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় যেতে হবে এবং টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলো কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় যাবে।