কয়েদিদের বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনার নির্দেশ কেন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইকোর্ট
ফাইল ছবি

কয়েদি শনাক্তে বিদ্যমান পদ্ধতিতে কারাবন্দীর আঙুলের ছাপ বা ফিঙ্গার প্রিন্ট, হাতের তালুর ছাপ (পাম প্রিন্ট) ও চোখের মণি (আইরিশ) স্ক্যানিং ব্যবস্থাযুক্তসহ বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা চালু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও কারা মহাপরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে চলতি বছর কারাগারের মহিলা ওয়ার্ড পরিদর্শনের সময় খুনের এক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমীর বদলে মিনু আক্তারের সাজা খাটার বিষয়টি বেরিয়ে আসে। সংশ্লিষ্ট মিনুর পক্ষে আইনজীবী শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ শুনানি ছিলেন।

শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, একজনের বদলে অন্যজনকে গ্রেপ্তার বা কারাভোগের ঘটনা প্রায়ই ঘটছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ও কয়েদি শনাক্তে বায়োমেট্রিক ডেটা ব্যবস্থাপনা প্রবর্তনের সময় এসেছে।