কয়েদির হাতে কমলা টেবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে কমলা টেবিল বানানোয় ব্যস্ত কয়েদিরা। কাল বুধবার ঢাকায় কাশিমপুর কারাগারে এর প্রদর্শনী হওয়ার কথা রয়েছে l ছবি: প্রথম আলো
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভেতরে কমলা টেবিল বানানোয় ব্যস্ত কয়েদিরা। কাল বুধবার ঢাকায় কাশিমপুর কারাগারে এর প্রদর্শনী হওয়ার কথা রয়েছে l ছবি: প্রথম আলো

দেখতে অবিকল কমলালেবু। চারপাশ থেকে চারটি কোয়া খুলে গেছে। এই চারটি কোয়ার আদলে বানানো হয়েছে চারটি চেয়ার। আর মূল কমলাটি তখন একটি টি-টেবিলের রূপ নিয়েছে। এ রকম নকশায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েদিরা বানিয়েছেন ‘কমলা টেবিল’।
আকৃতি কমলার। এ জন্য রং ব্যবহার করা হয়েছে কমলা। কাল বুধবার (২০ জানুয়ারি) ঢাকায় কাশিমপুর কারাগারে এর প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।
রাজশাহীর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, লোহার রডের সঙ্গে প্লাস্টিক দিয়ে তৈরি বেতের মাধ্যমে এই টি-টেবিল ও চেয়ার বানানো হয়েছে। প্রায় ৫০ দিন ধরে কারাগারের প্রশিক্ষিত ১০০ জন কয়েদি এই কাজ করেন। একটি টেবিল ও চারটি চেয়ারের একটি সেট তৈরি করতে পাঁচজন কয়েদির ৩০-৩৫ দিন সময় লেগেছে। ঢাকায় প্রদর্শনীতে ১০টি সেট পাঠানো হবে। পণ্যের উৎপাদন খরচের সঙ্গে সাড়ে ৩৭ শতাংশ মুনাফা যোগ করে একটি সেট সাড়ে ৯ হাজার টাকায় বিক্রি করা হবে। ঢাকার প্রদর্শনী শেষে রাজশাহীতে কারাপণ্য বিক্রয়কেন্দ্রে এ টেবিল প্রদর্শন করা হবে।

কয়েদিদের হাতে বানানো আকর্ষণীয়  একটি কমলা টেবিল
কয়েদিদের হাতে বানানো আকর্ষণীয় একটি কমলা টেবিল

রাজশাহী বিভাগের উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, এই টেবিলগুলো দেখতে সুন্দর। অল্প জায়গায় গুছিয়ে রাখা যায়। আবার মেলে বসা যায়। হবিগঞ্জের বাহুবলের একটি রিসোর্টে একটি সেট ছিল। ওরা চীন থেকে এনেছিল। গত নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক হবিগঞ্জে গিয়ে এই টেবিল দেখেন। তাঁর ভালো লাগে। পরের দিন কারা প্রশিক্ষণ একাডেমিতে কারারক্ষীদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শনের জন্য রাজশাহীতে এসে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের হাতে তৈরি সুন্দর কারাপণ্য দেখে মুগ্ধ হন। তিনি বলেন, হবিগঞ্জের কমলা টেবিল রাজশাহীর কয়েদিরা তৈরি করতে পারবেন। পরে সেখান থেকে ছবি তুলে এনে রাজশাহীর কয়েদিদের দেওয়া হয়। তাঁরা ছবি দেখে পরীক্ষামূলকভাবে দুটি সেট করে দেখেন—সুন্দর লাগছে। তারপরে বেশি করে তৈরি করতে শুরু করেন।
কারা সূত্র জানায়, যেসব কয়েদি কারাগারের ভেতরে এই কারাপণ্য তৈরি করেন; নিয়ম অনুযায়ী তাঁদের সাজা এক-চতুর্থাংশ মওকুফ করা হয়। ছয় মাসের বেশি সাজাপ্রাপ্ত কয়েদিরা কারাপণ্য উৎপাদন করে এ সুবিধা নিতে পারেন। শীতকালে সূর্য ওঠার এক ঘণ্টা পর থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবার বেলা দেড়টা থেকে পাঁচটা পর্যন্ত তাঁরা কাজ করেন। তবে গ্রীষ্মের সময় দিনের প্রথম ভাগে বেলা ১১টা পর্যন্ত কাজ করানো হয়। পরে আবার দেড়টা থেকে শুরু হয়।
উপ-কারা মহাপরিদর্শক বলেন, ২০ জানুয়ারি কারা সপ্তাহ উপলক্ষে কাশিমপুর কারাগারে কারাপণ্য প্রদর্শন করা হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।