খ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
এ সময় জানানো হয়, এ পরীক্ষায় ৪০ হাজার ৫৬৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন তিন হাজার ৮৭৪ জন। পাসের হার ৯ দশমিক ৫৫ শতাংশ। ত্রুটিপূর্ণ সেট ও নিয়মবহির্ভূত উত্তরপত্রের জন্য এক হাজার ৪১১ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে। গত শুক্রবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় পাসের ন্যূনতম নম্বর ছিল ৪৮।
ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ভর্তি ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে কিংবা যেকোনো মোবাইল ফোন থেকে DU<>Kha<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, ২৫ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত ডিন অফিসে আবেদন করে শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে পারবেন। এ সময়ের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘বিষয় নির্বাচন’ করার একটি ফরম পূরণ করতে হবে। ১৯ অক্টোবর কলা ভবনের ডিন কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।