খ ইউনিটের সাক্ষাৎকার শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ ইউনিটের’ ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার আজ রোববার থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আজ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট সময়ে ভর্তি পরীক্ষার মেধাক্রম এক থেকে দুই হাজার ৫০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকারে ডাকা হয়েছে। আজ সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পর্যায়ক্রমে প্রথম ৫০০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে।
খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকারে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণ করা বিস্তারিত ফরমের কপি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি, উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, ফটোকপি ও দুই কপি পাসপোর্ট আকারের ছবি নিয়ে আসতে হবে। তাঁদের নির্ধারিত সময়ে কলা ভবনের নিচতলার সভাকক্ষে (১০০১ নম্বর কক্ষ) যেতে বলা হয়েছে। প্রসঙ্গত, এই ইউনিটের অধীন বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা দুই হাজার ২২১টি। সাক্ষাৎকারের বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.eis.du.ac.bd) দেওয়া আছে।
আইবিএতে আবেদনের সময় শেষ: বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে বিবিএ প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করার সময় শেষ হচ্ছে আজ। বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। এই পরীক্ষা ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ছুটি শেষ হচ্ছে: দুর্গাপূজা, ঈদুল আজহা, লক্ষ্মীপূজা, বিশ্ববিদ্যালয় শোক দিবস ও শরৎকালীন ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।