ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ও ঘ ইউনিটের ১০ বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় মাদ্রাসাশিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে পৃথক ২০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত শর্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে শর্তারোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গতকাল সোমবার আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান জানিয়েছেন।ভারপ্রাপ্ত উপাচার্য হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, নিয়মনীতি মেনেই শর্তারোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো জটিলতা থাকার কথা নয়। তার পরও আইনজীবীদের সঙ্গে কথা বলে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।রিট আবেদনকারীদের আইনজীবী ইমরান এ সিদ্দিক প্রথম আলোকে বলেন, হাইকোর্ট খ ও ঘ ইউনিটে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের শর্তারোপসংক্রান্ত বিধানের কার্যকারিতা স্থগিত করেছেন। ফলে আলিম শিক্ষার্থীদের ১০টি বিভাগে ভর্তিতে আইনগত বাধা নেই। ১০টি বিভাগ হচ্ছে ইংরেজি, বাংলা, ভাষাতত্ত্ব, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, গার্হস্থ্য অর্থনীতি ও উন্নয়ন অধ্যয়ন।জানা গেছে, বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১১ নভেম্বর এ আদেশ দেন। আর বাংলা ও ইংরেজিতে ২০০ নম্বরের শর্তারোপের বৈধতা চ্যালেঞ্জ করে জুনায়েদ আল মামুনসহ আলিম উত্তীর্ণ তিন শিক্ষার্থী হাইকোর্টে রিটটি করেছিলেন।প্রসঙ্গত, ২০০৯ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ শর্তারোপের সিদ্ধান্ত নেয়। গত ২৯ অক্টোবর খ ইউনিটের পরীক্ষা হয়েছে। ২৭ নভেম্বর এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা।