খগেন্দ্রর আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তুমি আমাকে শাস্তি দিলে। আর আশ্রয়হীন করে গেলে গ্রামের মানুষকে। কী দুঃখ ছিল তোমার, একবার আমাকেও বললে না!’আত্মহননকারী জনপ্রতিনিধি খগেন্দ্রনাথ মণ্ডলের (৩৮) স্ত্রী হেমলতার এমন আহাজারিতে অশ্রুসজল হয়ে ওঠে পরিবারটিকে সান্ত্বনা দিতে আসা অনেকেই। জনপ্রিয় এ জনপ্রতিনিধির আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।জনপ্রত্যাশা পূরণ করতে না পেরে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খগেন্দ্রনাথ আত্মহত্যা করেন। শনিবার সকালে উপজেলার ট্যাংরামারী গ্রামের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে তাঁর মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাত ১১টায় পরিবারিক শ্মশানে খগেন্দ্রনাথের দাহ সম্পন্ন হয়। গতকাল রোববার ট্যাংরামারী গ্রামে খগেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে গিয়ে দেখা গেছে, গ্রামের অসংখ্য শোকার্ত মানুষ সেখানে ভিড় জমিয়েছে। শোকার্ত কয়েকজন বলেছেন, যিনি বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ান, সান্ত্বনা দেন, কারও সঙ্গে বিবাদে জড়ান না, তাঁর আত্মহত্যা মেনে নেওয়া যায় না।ট্যাংরামারী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত হোসেন জানান, খগেন্দ্রনাথ এ যুগের আদর্শ। তিনি একজন সৎ ও ভালো মানুষ। এলাকার মানুষের যেকোনো সমস্যায় তিনি পাশে থাকতেন।শওকত হোসেন আক্ষেপ করে বলেন, অন্যের সমস্যা হলে খগেন্দ্রনাথ আলোচনা করে সেই সমস্যা সমাধানের চেষ্টা করতেন। তিনি যদি সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করতেন, তাহলে এমনটি হতো না।খড়িতলা গ্রামের কৃষক মোরশেদ আলী জানান, চাষাবাদ করতে গিয়ে সার-বীজের সমস্যা হলে খগেন্দ্রনাথকে বললে তিনি তাঁদের জন্য কৃষি অফিসে যেতেন।খগেন্দ্রনাথের ছোট ভাই সঞ্জয় মণ্ডল জানান, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তাঁর ভাই বাড়ি থেকে বের হন। পরে প্রতিবেশী কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুর রউফের বাড়িতে পত্রিকা পড়ে ও টেলিভিশন দেখে রাত সাড়ে সাতটার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক আবদুল গফুর জানান, ময়নাতদন্তে তিনি নিশ্চিত হয়েছেন যে খগেন্দ্রনাথ আত্মহত্যা করেছেন।