খট খট আওয়াজ আছে, নেই সেই রমরমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আদালতপাড়ায় কাজ করছেন এক টাইপিস্ট l প্রথম আলো
ঢাকার আদালতপাড়ায় কাজ করছেন এক টাইপিস্ট l প্রথম আলো

পুরান ঢাকার আদালতপাড়ায় এলে অন্য অনেক শব্দের মধ্যে অতি পুরোনো একটি শব্দ যে কারও কানে আসবে—টাইপরাইটার মেশিনের খট খট আওয়াজ। অন্য সবখানে এই যন্ত্র জাদুঘরে চলে গেলেও এখনো টিকে আছে এই একটি জায়গায়। নানা রকম পিটিশন, সমন থেকে শুরু করে আদালতের নানা রকম নথি এখনো টাইপ করা হয় পুরোনো এই যন্ত্রে। ফলে টাইপিস্ট পেশার কিছু লোকের দেখা মেলে এখানে। তবে আগের সেই রমরমা নেই।
আদালতপাড়ার চত্বর লাগোয়া রেবুতি ম্যানশনের সামনে টিনের চালাঘরে কয়েকজন টাইপিস্ট বসেন। তাঁদের একজন আইয়ুব আলী। হাতে বেশি কাজ নেই। বাসা থেকে সকাল নয়টায় রওনা দেন। আদালতপাড়ায় আসেন দশটায়। এসেই বসে পড়েন মেশিনের সামনে। অপেক্ষা করেন কখন কাজ আসবে। সকাল গড়িয়ে দুপুর। কেউ এসে বলেনি, ‘ভাই, টাইপ করে দিন।’ আয় না থাকায় সংসার চালাতে হিমশিম খান। তবু পুরোনো পেশা ছাড়তে পারেন না।
৩০ বছর আগে আইয়ুব আলী যখন ঢাকার আদালতপাড়ায় টাইপিস্টের কাজ শুরু করেন, তখন এই পেশার রমরমা ছিল। দম ফেলার ফুরসত মিলত না।
রেবুতি ম্যানশনের চালাঘরে আইয়ুব আলীর মতো আরও কয়েকজন টাইপিস্ট আছেন। মেশিনের সামনে বসে আইনজীবীর জন্য অপেক্ষা করছেন। এক পাতা পিটিশন টাইপ করলে সাত টাকা।
শহীদুল ইসলাম নামের এক ষাটোর্ধ্ব টাইপরাইটার বলেন, ‘এখন কোনো কাজ নেই। কোনো দিন দশ টাকা আয় হয়, আবার কোনো দিন হয় না। মাঝেমধ্যে দুই-আড়াই শ টাকা পর্যন্ত আয় হয়। যখন কম্পিউটার আসেনি, তখন দিনে দুই থেকে তিন হাজার টাকা আয় হতো।’
কিন্তু কম্পিউটারের যুগে কী করে এখনো টিকে আছে এই পুরোনো যন্ত্র?
আইনজীবীদের কাছ থেকে জানা গেল, সমন, অর্থাৎ বিচার-সংশ্লিষ্ট কাউকে আদালতে হাজির হওয়ার নোটিশ কম্পিউটারে টাইপ করা যায় না। চালানও কম্পিউটারে টাইপ করা যায় না। এগুলোর জন্য টাইপরাইটার যন্ত্রের বিকল্প নেই।
পেশা আছে বটে, কিন্তু যন্ত্রই তো উঠে যাচ্ছে। নতুন যন্ত্র আর পাওয়া যায় না। পুরোনোগুলোই ঘুরেফিরে হাতবদল হয়। পুরোনো মেশিনের দাম পাঁচ হাজার টাকা। নতুনের দাম পড়ত পনেরো হাজার টাকা।
৪০ বছর ধরে টাইপরাইটারের পেশায় আছেন সাইয়েদুল হক। টাইপরাইটারের পাশাপাশি কম্পিউটারও কিনেছেন তিনি। সাইয়েদুল বললেন, ‘টাইপ করে সংসার চালানো যায় না। আয় নেই বললেই চলে। টাইপ মেশিন থাকার পরও কম্পিউটার কিনেছি। ছেলে কাজ করে কম্পিউটারে।’ কম্পিউটারের টাইপ থেকে টাইপ মেশিনের ছাপা অনেক টেকসই। তাঁর ভাষ্য, দুই শ বছর পরও টাইপ মেশিনের অক্ষর অবিকল থাকবে। কিন্তু কম্পিউটারে প্রিন্ট মুছে যায়।
ঢাকার জজকোর্ট পেশাদার টাইপিস্ট সমিতির সভাপতি কাজি মবিনুর রহমান বলেন, টাইপিস্টদের জীবন তেলাপোকার মতো। কোনোরকমে টিকে আছে। আয় নেই। সবার মধ্যে হতাশা। কেউ কেউ কম্পিউটার কিনেছেন। অনেকে ছেলেকে কম্পিউটার কিনে দিয়ে টাইপিস্ট পেশায় এনেছেন।