খট খট খট আওয়াজ কেবলই স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইপরাইটার মেশিনের বোতামে আঙুলের চাপ। বাতাসে ভাসছে খট খট আওয়াজ। সামনে কে আসছেন কে যাচ্ছেন কোনো খেয়াল নেই। কারণ এক ঘণ্টার মধ্যে কাজ শেষ করতে হবে। বারবার তাগাদা দিচ্ছেন আইনজীবীরা। কোনোরকম নাকেমুখে খেয়ে আবার কাজে। খট খট খট আওয়াজ আশপাশেও। টাইপরাইটার আয়ুব আলীর কাছে এগুলো এখন শুধুই স্মৃতি।

সেই আয়ুব আলীর হাতে কোনো কাজ নেই। বাসা থেকে বুধবার সকাল নয়টায় রওনা দেন। আদালত পাড়ায় আসতে আসতে বেজে যায় দশটা। বসে পড়েন মেশিনের সামনে। অপেক্ষা করেন কখন আসবে কাজ। সকাল গড়িয়ে দুপুর। কেউ এসে বলেননি, ‘ভাই টাইপ করে দিন।’ বৃদ্ধ আয়ুব আলীর পাঁচ সদস্যের পরিবার। দুই মেয়ে লেখাপড়া করছে। আয় না থাকায় সংসার চালাতে রোজ হিমশিম খান। মাঝেমধ্যে তার মন চায়, ‘এই পেশায় আর নয়। কিন্তু ত্রিশ বছরের পেশা ছাড়বেন কীভাবে? তিনি ছাড়তে চাইলেও মেশিন তাকে ছাড়ে না।’

কাজ নেই টাইপরাইটার ​নিয়ে অলস বসে আছেন আয়ুব আলী। ছবি: আসাদুজ্জামান
কাজ নেই টাইপরাইটার ​নিয়ে অলস বসে আছেন আয়ুব আলী। ছবি: আসাদুজ্জামান

আয়ুব ব্যাপারী প্রথম আলোকে বলেন, ‘বহুবার টাইপরাইটার পেশা ছাড়তে চেয়েছি। পারিনি। সত্যি পারিনি। কিন্তু পেটতো আর চলে না। তবে বুঝে গেছি, মৃত্যুর আগ পর্যন্ত এই পেশা আর ছাড়তে পারব না।’ ত্রিশ বছর আগে তিনি ঢাকার আদালত পাড়ায় টাইপরাইটারের কাজ শুরু করেন। তিনি জানান, আগে ভালো আয় হতো। দিব্যি সুন্দর করে সংসার চলে যেত। কিন্তু এখন আয় কোনো কোনো দিন দশ টাকা। কোনো কোনো দিন হয় না। মাঝে-মধ্যে দুই থেকে আড়াই শ টাকা আয়। পেট চালানো দুষ্কর হয়ে গেছে।’

সরেজমিন দেখা যায়, আয়ুব আলীর মতো আরও পয়ত্রিশজন টাইপরাইটার আছেন। যারা রেবুতি ম্যানসনের সামনের টিনের ঘরে কাজ করেন। এরা অধিকাংশ মেশিনের সামনে বসে আছেন। কখন আসবেন আইনজীবী, দেবেন তাদের কাজ। কিন্তু দিনের অধিকাংশ সময় বসে থাকেন। এক পাতা টাইপ করলে পান সাত টাকা।
এ ছাড়া ঢাকার আদালত পাড়ায় কয়েকজন টাইপরাইটার বিচ্ছিন্নভাবে কাজ করেন।

টাইপরাইটারে কাজ করছেন একজন। ছবি: আসাদুজ্জামান
টাইপরাইটারে কাজ করছেন একজন। ছবি: আসাদুজ্জামান

শহীদুল ইসলাম নামের বয়স্ক টাইপরাইটার বলেন, ‘এখন তাদের কোনো কাজ নেই। কোনো দিন দশ টাকা আয় আবার কোনো দিন হয় না। মাঝেমধ্যে আড়াই শ টাকা আয় হয়। যখন কম্পিউটার আসেনি তখন দিনে দুই থেকে তিন হাজার টাকা আয় হতো। সমন কম্পিউটারে টাইপ করা যায় না। চালানও কম্পিউটারে টাইপ করা যায় না। যেগুলো কম্পিউটারে টাইপ হয় না সেগুলো টাইপ করা হয়।’ টাইপ মেশিনের দাম ছিল ১৫ হাজার টাকা। এখন আর নতুন কোনো মেশিন আসে না। পুরোনো মেশিনগুলো ঘুরেফিরে কেনাবেচা হয়। পুরোনো মেশিনের দাম পাঁচ হাজার টাকা।

চল্লিশ বছর ধরে টাইপরাইটারের পেশায় আছেন সাইয়েদুল হক। রোজ আদালতে আসেন। টাইপরাইটারের পাশাপাশি কম্পিউটার কিনেছেন। সাইয়েদুল বললেন, ‘টাইপ করে সংসার চালানো যায় না। আয় নেই বললেই চলে। টাইপ মেশিন থাকার পরেও কম্পিউটার কিনেছি। ছেলে কাজ করে কম্পিউটারে।’ কম্পিউটারের টাইপ থেকে টাইপ মেশিনের ছাপা অনেক টেকসই। তাঁর ভাষ্য, দু শ বছর পরেও টাইপ মেশিনের টাইপ অবিকল থাকবে। কিন্তু কম্পিউটারে করা টাইপ ঠিক থাকবে না।

ঢাকার জজকোর্ট পেশাদার টাইপিস্ট সমিতির সভাপতি কাজি মবিনুর রহমান বলেন, টাইপরাইটারদের জীবন এখন তেলাপোকার মতো। কোনোরকম টিকে আছে। আয় নেই। সবার মধ্যে হতাশ। হতাশা থেকে কেউ কেউ কম্পিউটার কিনেছেন। কিন্তু বৃদ্ধদের আর কোনো আশা নেই। অনেকেই ছেলেকে কম্পিউটার কিনে টাইপিস্ট পেশায় এনেছেন।