খট খট শব্দে মুখর যন্ত্রাইল
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রাম তাঁতযন্ত্রের খট্ খট্ শব্দে আবার মুখরিত হয়ে উঠেছে। ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার তাঁতিরা। বুনছেন শাড়ি-লুঙ্গিসহ বিভিন্ন কাপড়।পেছনে ফেরা: ব্রিটিশ শাসনামলে ঢাকার দক্ষিণে ছড়িয়ে ছিটিয়ে বাস করতেন বহু তাঁতি। তাঁরা বুনতেন লুঙ্গি, শাড়ি, গামছা। এলাকাটি মূলত তাঁতের লুঙ্গির জন্যই প্রসিদ্ধ হয়ে উঠেছিল, যা রুহিতপুরী লুঙ্গি নামে সমাদৃত। দেশের গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে এই লুঙ্গির কদর আজও অটুট। কিন্তু সুতার দাম বৃদ্ধি, ফড়িয়াদের বাজার নিয়ন্ত্রণ, অতি মুনাফার লোভে স্থানীয় মহাজনদের কারসাজি, সরকারের উদাসীনতা, সঠিক নীতিমালা না থাকাসহ নানা কারণে তাঁতিরা পেশা ছেড়ে চলে যেতে থাকেন। দোহার, নবাবগঞ্জ উইভারস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সিরাজউদ্দিন জানান, ঢাকার দক্ষিণে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলায় প্রায় ৭০ হাজার তাঁতি ছিলেন। বর্তমানে ওই তিন উপজেলায় মাত্র চার থেকে পাঁচ হাজার তাঁতি আছেন।দমে যাননি ইসমাইল: নবাবগঞ্জের তাঁতশিল্প যখন বিলুপ্তির পথে, ঠিক তখন (১৯৯৫ সাল) বিদেশ থেকে ফিরে লুঙ্গি বুনতে শুরু করেন ইসমাইল। সাত বছরেও তিনি লাভের মুখ দেখেননি। এ অবস্থায় তিনি ভাবলেন, কীভাবে বাপ-দাদার পেশা টিকিয়ে রাখা যায়। ২০০৩ সালের ৬ জানুয়ারি ছয়টি আধুনিক প্রযুক্তির পাওয়ার লুম (বিদ্যুৎচালিত তাঁতযন্ত্র) ও ২০ জন কারিগর নিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করেন ইসমাইল। সাফল্যও আসে দ্রুত। এখন তাঁর কারখানায় ২৫টি পাওয়ার লুম। কাজ করছেন ১০০ জন কারিগর। সরেজমিনে একদিন: ইছামতি নদীর ওপর নির্মিত নবাবগঞ্জ-যন্ত্রাইল সেতু পার হয়ে প্রায় ২০০ গজ হেঁটে যেতেই হাতের বাম পাশে ইসমাইলের কারখানা ‘নুর মোহাম্মদ টেক্সটাইল মিল’। সম্প্রতি ওই কারখানায় গিয়ে দেখা যায়, শ্রমিক-মালিক সবাই ব্যস্ত। ইসমাইল প্রথম আলোকে জানান, তাঁর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে যন্ত্রাইল গ্রামের আবুল হোসেন, নুরুল ইসলামসহ বেশ কয়েকজন তিন থেকে চারটি করে পাওয়ার লুম দিয়ে উৎপাদন শুরু করেছেন।আবদুল জব্বার নামে এক কারিগর জানান, পাওয়ার লুম আসায় প্রতিদিন দুই থেকে আড়াই শ লুঙ্গি তৈরি করা সম্ভব হচ্ছে। এসব লুঙ্গি ও শাড়ি চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রপ্তানিও হচ্ছে। কিছু সমস্যা: ইসমাইল বলেন, অসহনীয় লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন অব্যাহত রাখতে সম্প্রতি তিনি প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে একটি জেনারেটর কিনেছেন। প্রতিদিন প্রায় ৯০০ থেকে ১০০০ টাকার ডিজেল দিয়ে কারখানা চালাতে হচ্ছে। ফলে উৎপাদন-ব্যয় বেড়ে যাচ্ছে। ইসমাইল আরও বলেন, ‘পাওয়ার লুম আমদানির ক্ষেত্রে সরকারি সহায়তা পাওয়া যায় না। সুতা ও রঙের দাম কমানো হলে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেলে এ খাতে আরও অনেকে বিনিয়োগ করতে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস।’ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিগগিরই যন্ত্রাইল গ্রাম পরিদর্শন করে তাঁতিদের সমস্যার কথা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’