খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজে শিক্ষক সংকটের কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান।
কলেজ সূত্র জানায়, লক্ষ্মীপুর সরকারি মহিলা ডিগ্রি কলেজ ১৯৯৭ সালে জাতীয়করণ করা হয়। এর পর থেকে কলেজটিতে শিক্ষক, কর্মচারী ও শ্রেণিকক্ষ সংকট চলছে। বর্তমানে ইংরেজি বিষয়ে শিক্ষকের একটি পদ, রাষ্ট্রবিজ্ঞানে তিনটি, দর্শনে দুটি, গণিতে একটি ও হিসাববিজ্ঞান বিষয়ে শিক্ষকের তিনটি পদ শূন্য। শিক্ষক সংকটের কারণে ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও গণিতে খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনোভাবে ক্লাস চালিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
এ ছাড়া বাংলায় শিক্ষকের দুটি পদের মধ্যে একটি, অর্থনীতিতে দুটি পদের মধ্যে একটি, সমাজবিজ্ঞানে দুটি পদের মধ্যে একটি, ইসলামের ইতিহাসে দুটি পদের মধ্যে একটি, ব্যবস্থাপনা বিষয়ে তিনটি পদের মধ্যে দুটি পদ শূন্য।
সূত্র জানায়, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদসহ কলেজে শিক্ষকের পদের সংখ্যা ৩১টি। যার মধ্যে বর্তমানে ১৪টিই শূন্য। অফিস সহকারীর পাঁচটি পদের মধ্যে তিনটি ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ১৪টি পদের মধ্যে পাঁচটি শূন্য।
কলেজ সূত্র জানায়, কলেজে উচ্চমাধ্যমিকের মানবিক শাখায় ৬৯৭ জন, ব্যবসা শিক্ষা শাখায় ৫৪১ জন ও বিজ্ঞান শাখায় ৪৯ জন শিক্ষার্থী আছে। এ ছাড়া বিএসএস ও বিবিএস প্রথম বর্ষে ২২৭ জন, দ্বিতীয় বর্ষে ৭০ জন এবং তৃতীয় বর্ষে ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক ছাত্রী প্রথম আলোকে বলেন, জেলা শহরের একমাত্র মহিলা কলেজে শিক্ষকের অভাবে ঠিকমতো পড়াশোনা হচ্ছে না।
একাদশ শ্রেণির এক ছাত্রীর অভিভাবক আবুল কালাম বলেন, ‘সরকারি কলেজে ভালো লেখাপড়া হবে, তাই মেয়েকে এখানে ভর্তি করিয়েছি। কিন্তু এখন শুনছি, শিক্ষকের অভাবে নাকি নিয়মিত ক্লাস হচ্ছে না।’
বাংলা বিভাগের শিক্ষক মো. আবদুস সালাম বলেন, শিক্ষক স্বল্পতার কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে।
কলেজের উপাধ্যক্ষ মো. শফিকুল আমীন খান বলেন, শিক্ষক সংকট ও কক্ষ স্বল্পতার কারণে পাঠদানে সমস্যা হচ্ছে। শিক্ষক সংকটের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে।