খণ্ডকালীন শিক্ষককে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়ার দাবিতে গতকাল শনিবার নোয়াখালী চরমটুয়া কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে ভাঙচুর চালিয়েছে কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজসংলগ্ন মাইজদী-ওদারহাট সড়ক অবরোধ করে। পুলিশ, কলেজ প্রশাসন ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে কলেজের বিজ্ঞান শাখার রসায়ন পড়ানোর জন্য স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শরিফ হোসেনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি ওই বিষয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়। ৮ মার্চ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় দ্বিতীয় স্থান লাভ করেন খণ্ডকালীন শিক্ষক শরিফ হোসেন। নিয়োগ কমিটি প্রথম স্থান অধিকারী মতিলাল ভৌমিককে নিয়োগ দিতে ব্যবস্থাপনা কমিটির কাছে প্রস্তাব করে। এ ঘটনায় বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা খণ্ডকালীন শিক্ষক শরিফ হোসেনকে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানায়। এ দাবিতে গতকাল সকালে সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করে এবং কলেজের পাঁচ-ছয়টি কক্ষের দরজা-জানালা ও চেয়ার-টেবিল ভাঙচুর করে। একপর্যায়ে তারা কলেজসংলগ্ন মাইজদী-ওদারহাট সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।