খণ্ডকালীন শিক্ষকে পাঠদান সম্মান কোর্স চালু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সরকারি মহিলা কলেজে প্রয়োজনীয় শিক্ষক নেই। খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনোমতে পাঠদান চালানো হচ্ছে। এক হাজার ৩০০ ছাত্রীর জন্য বেঞ্চ রয়েছে মাত্র ২৫০ জোড়া। ফলে ছাত্রীরা গাদাগাদি করে ক্লাস করছে। পর্যাপ্তসংখ্যক কম্পিউটার থাকলেও বিষয়ের অনুমতি না থাকায় সেগুলো অব্যবহূত পড়ে আছে। দীর্ঘদিনেও পাঁচটি বিষয়ে সম্মান কোর্স চালুর দাবি বাস্তবায়ন হয়নি।কলেজ সূত্র জানায়, ১৯৬৯ সালে স্থাপিত কলেজটি ১৯৮৪ সালে সরকারীকরণ করা হয়। জেলার একমাত্র সরকারি মহিলা কলেজ এটি। কলেজে মোট ৩৩ জন শিক্ষক থাকার কথা। কিন্তু প্রায় তিন বছর ধরে ১৩টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বাংলা বিভাগে একজন, ইংরেজি দুজন, অর্থনীতি দুজন, রাষ্ট্রবিজ্ঞান দুজন, দর্শন একজন, উদ্ভিদবিদ্যা একজন, ইসলামের ইতিহাসে একজন, পদার্থবিদ্যা একজন, হিসাববিজ্ঞান একজন ও ইতিহাসে একজন। কলেজের প্রথম বর্ষের ছাত্রী আল আফরিন জানায়, এমনিতে শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত পাঠদান হয় না। তার ওপর গাইবান্ধা সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষা এখানে অনুষ্ঠিত হয়। ফলে বছরের বেশ কয়েক মাস ক্লাস থেকে বঞ্চিত হতে হয়। কলেজের শিক্ষক হামিদ কলিম বলেন, বিভিন্ন পরীক্ষার সময় পার্শ্ববর্তী প্রতিষ্ঠান থেকে বেঞ্চ এনে পরীক্ষা চালানো হয়। ফলে সেসব প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে। ২০০৬ সালে কম্পিউটার শিক্ষা বিষয় খোলার জন্য রাজশাহী শিক্ষা বোর্ড বরাবর আবেদন জানানো হয়। বোর্ড থেকে ছাত্রী ভর্তির মৌখিক অনুমতি দেওয়া হলে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ১৪৯ জন ও ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ১৬৭ জন ছাত্রী ভর্তি হয়। ওই ছাত্রীরা কম্পিউটার বিষয়ে এইচএসসি পরীক্ষাও দিয়েছে। কিন্তু বর্তমানে কলেজটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে হওয়ায় পুনরায় ওই বোর্ডে আবেদন জানানো হয়। অথচ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কম্পিউটার শিক্ষা বিষয়ে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে বোর্ড অনুমতি দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, প্রয়োজনীয় উপকরণ না থাকলেও জেলায় অনেক বেসরকারি বিদ্যালয় ও কলেজে কম্পিউটার বিষয় খোলার অনুমতি দেওয়া হয়েছে। অথচ এই কলেজে সবই আছে। কিন্তু কম্পিউটার বিষয়ে বোর্ডের অনুমতি পাওয়া যাচ্ছে না। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই কলেজে আবাসন সমস্যাও রয়েছে। দ্বিতীয় বর্ষের ছাত্রী মনিরা জানায়, কলেজে ছাত্রীর সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। ছাত্রীনিবাসে থাকার চাহিদা বাড়লেও ৫০ আসনের ছাত্রীনিবাসে স্থান সংকুলান হচ্ছে না। ফলে দূরের ছাত্রীরা সরকারি কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। কলেজের দক্ষিণ গেটের সামনে দিন-রাত ট্রাক দাঁড় করে রাখায়, ওই গেট দিয়ে ছাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে। উত্তর গেটের সামনেও প্রায়ই ট্রাক দাঁড় করে রাখা হচ্ছে। অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, বেসরকারি কলেজ থেকে খণ্ডকালীন হিসেবে অর্থনীতি, বাংলা, ব্যবসা নীতি ও প্রয়োগ বিষয়ে শিক্ষক এনে পাঠদান করা হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক চেয়ে প্রতি মাসে মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরে অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু শিক্ষক দেওয়া হচ্ছে না। কম্পিউটার বিষয় খোলার ব্যাপারটি ঝুলে রয়েছে। সম্মান কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট দপ্তরে লেখালেখি চলছে।