খতনার উৎসবে প্রাণ গেল স্কুলছাত্রের
মাগুরার শালিখা উপজেলার দীঘি গ্রামের আক্তার মোল্লা মালয়েশিয়াপ্রবাসী। একমাত্র ছেলে ফারুক হোসেনের খতনা উপলক্ষে মাসখানেক আগে দেশে আসেন তিনি। ছেলের খতনা উপলক্ষে গত শনিবার দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করেন। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুকের মৃত্যু হয়।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন চলছিল। বাড়িতে গান-বাজনারও আয়োজন করা হয়। বাজার থেকে ভাড়া করে আনা হয় সাউন্ড বক্স। ওই সাউন্ড বক্সে বিদ্যুতের সংযোগ দিতে সুইচ বোর্ডে প্লাগ লাগাতে যায় ফারুক। এ সময় সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা সদরে আড়পাড়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুবাস চন্দ্র বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। ফারুক দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।