খতনার পর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ায় গতকাল রোববার সকালে হাতুড়ে চিকিৎসক দিয়ে সুন্নতে খতনা করার পর শামীম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর দাদা সামছুল হক থানায় অভিযোগ দিয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ওই হাতুড়ে চিকিৎসকের চেম্বারে তালা দিয়েছেন।অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কেছকিমুড়া গ্রামের প্রবাসী স্বপন মিয়ার ছেলে মো. শামীমের সুন্নতে খতনা করার জন্য তার নানি মাজেদা বেগম চিওড়ার ‘আর আর সেবালয়ে’ নিয়ে যান। সেখানে হাতুড়ে চিকিৎসক আলম শামীমের শরীরে ছয়টি ইনজেকশন দিয়ে সুন্নতে খতনা করার পর সে অচেতন হয়ে পড়ে। এ সময় আলম শামীমকে হাসপাতালে নেওয়ার কথা বলে পালিয়ে যান। চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পথে শামীমের মৃত্যু হয়।স্থানীয় লোকজন ও ভুক্তভোগীরা জানান, আলম আর আর সেবালয়ে ৫০-১০০ টাকা ফির বিনিময়ে রোগী দেখতেন। তিনি ব্যবস্থাপত্রে নিজের নামের আগে ডাক্তার ও পরে বিআরএমপি (বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার) লিখতেন। গত বছরের ২১ জুলাই ও ২৯ এপ্রিল আলমের ভুল চিকিৎসায় দুজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় উত্তেজিত জনতা আলমকে গণধোলাই দিয়েছিল।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) নুরুজ্জামান হাওলাদার জানান, সুন্নতে খতনার সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং ভুল ইনজেকশন প্রয়োগের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে তাঁর ধারণা। আলম পলাতক রয়েছেন। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিকুল হায়দার চৌধুরী জানান, বিআরএমপি এক মাসের একটি কোর্স। এ কোর্স পাস করে কেউ নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারেন না। শিগগিরই তাঁর সনদ যাচাই করা হবে।