ভোটার তালিকার দুটি হিসাবে সাড়ে চার লাখ ভোটার নিয়ে গরমিল দেখা দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে দেশের মোট ভোটার নয় কোটি ১৯ লাখ ৪৮ হাজার ২২৪ জন। আর নির্বাচন কমিশনের মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী মোট ভোটার নয় কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৩১৯ জন। উভয় হিসাবের মধ্যে ব্যবধান চার লাখ ৫৪ হাজার ৯০৫ জন।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন, ভোটার তালিকায় করণিক, যান্ত্রিক ও গাণিতিকসহ নানান ধরনের ভুল থাকতে পারে। বিষয়টি কমিশন সচিবালয় খতিয়ে দেখছে। তাঁর দাবি, ভোটার তালিকার তথ্যভান্ডারে কোনো ত্রুটি নেই। মাঠ কর্মকর্তাদের হিসাবে ভুল হতে পারে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, সারা দেশে এক লাখ ১০ হাজার ভোটার এলাকা রয়েছে। গত সপ্তাহে মাঠপর্যায় থেকে এলাকাভিত্তিক ভোটার তালিকা কমিশনে পাঠানো হয়। অন্যদিকে নিবন্ধন অনুবিভাগ থেকে গত মঙ্গলবার কমিশন সচিবালয়ে সর্বশেষ হালানাগাদের তথ্য পাঠানো হয়। নিবন্ধন অনুবিভাগের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারসংখ্যা নয় কোটি ১৯ লাখ ৪৮ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ চার কোটি ৬১ লাখ ১১ হাজার ৫৪৭ জন এবং নারী চার কোটি ৫৮ লাখ ৩৬ হাজার ৬৭৭ জন।
এবারের হালনাগাদে ৭০ লাখ ১৭ হাজার ৫২১ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। একই সময় সাত লাখ ৪১ হাজার ৬৯ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভোটার ঠিকানা স্থানান্তর হয়েছে চার লাখ ৬৭ হাজার ৫৩৪ জনের। এর আগে গত জানুয়ারিতে হালনাগাদ শেষে নির্বাচন কমিশনের হিসাবে মোট ভোটারসংখ্যা ছিল নয় কোটি ২১ লাখ ২৯ হাজার ৮৫২।
গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যোগ্য নাগরিক যেকোনো সময় ভোটার হতে পারেন। মৃত্যুজনিত কারণে তালিকা থেকে ভোটারের নাম বাদ যাচ্ছে।